আশাশুনিতে ছাত্রলীগের হামলায় চিকিৎসকসহ চারজন আহত
ছাত্রলীগের কর্মীরা সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ চারজনকে গত বৃহস্পতিবার মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আশাশুনি থানায় মামলা হয়েছে। হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কহিনুর খাতুন (৪৫) নামের একজন রোগী বুধবার রাত ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সকাল ১০টায় কহিনুর খাতুনের ছেলে ছাত্রলীগের কর্মী সুজন মিস্ত্রিসহ ছয়-সাতজন স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এ সময় তাঁরা বহির্বিভাগে কর্মরত চিকিৎসা কর্মকর্তা পরিমল কুমার বিশ্বাসকে তাৎক্ষণিকভাবে কহিনুর বেগমকে দেখতে যাওয়ার কথা বলেন। পরে যাওয়ার কথা বলায় সুজন মিস্ত্রির নেতৃত্বে ছয়-সাতজন ওই চিকিৎসকের ওপর হামলা চালান। তাঁকে রক্ষা করতে গিয়ে জুনিয়র মেকানিক আয়জুদ্দিন, গাড়িচালক জয়নুল আবেদীন ও ব্র্যাক কর্মকর্তা অজয় ঘোষ আহত হন। আশাশুনি উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. শাহরিয়ার জানান, পরিমল কুমার বিশ্বাসের ব্যবহার খারাপ। প্রায়ই রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। চিকিৎসক পরিমল কুমার বিশ্বাস জানান, তিনি কখনো খারাপ আচরণ করেন না। রোগীর চাপ থাকায় তিনি তাঁদের অপেক্ষা করতে বলেছিলেন, এটাই তাঁর অপরাধ।আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান, এ ব্যাপারে সুজন মিস্ত্রি, মিজানুর রহমান ও মোস্তফা কামালের নাম উল্লেখ করে পরিমল কুমার মামলা করেছেন।