আশাশুনিতে দুর্ঘটনায় আহত ৩
আশাশুনি-সাতক্ষীরা সড়কে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে আশাশুনি-সাতক্ষীরা সড়কের সাতক্ষীরার আশাশুনি উপজেলার নওয়াপাড়ায় এ দুর্ঘনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার শ্রীউলা ইউনিয়নের শ্রীউলা গ্রামের নাজমুল হুদা (৪৫) ও তাঁর বোন খোদেজা খাতুন (৫০) একই গ্রামের ভাড়ায় মোটরসাইকেলচালক হাবিবুর রহমানের মোটরসাইকেলে বাড়ি থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। সড়কের নওয়াপাড়া গ্রামে পৌঁছালে সামনে কয়েকটি হাঁস পড়লে চালক গাড়ি থামান। এ সময় পেছন দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রলি ধাক্কা দিলে মোটরসাইকেলের আরোহীরা ছিটকে পড়েন। আহত খোদেজা খাতুনকে মুমূর্ষু অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। অন্য দুজনকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রলিটি ফেলে চালক পালিয়ে গেছেন।