আশাশুনিতে ধসে পড়া বাঁধ স্বেচ্ছাশ্রমে মেরামত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দফায় স্বেচ্ছাশ্রম দিয়ে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোলা এলাকায় ধসে পড়া বাঁধটি গতকাল সোমবার মেরামত করতে পেরেছেন এলাকাবাসী। এতে করে খোলপেটুয়া নদী থেকে লোকালয়ে পানি ঢোকা প্রাথমিকভাবে বন্ধ করা গেছে।
এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্র জানায়, খোলপেটুয়া নদীতে প্রবল জোয়ারের চাপে গত রোববার ভোর চারটার দিকে কোলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের প্রায় ৩০০ ফুট ধসে পড়ে। এতে স্থানীয় প্রতাপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) কোলা ও হিজলিয়া এবং শ্রীউলা ইউপির মাড়িয়ালা, হাজরাখালি, নাঙ্গলদাড়িয়া ও কলিমাখালি গ্রাম প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়ে এক হাজারের বেশি পরিবার।
প্রতাপনগর ইউপির চেয়ারম্যান জাকির হোসেন বলেন, রোববার পাঁচ-ছয় শ মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধসে পড়া বাঁধটি মেরামতের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর নদীতে ভাটার সময় গতকাল ভোর পাঁচটা থেকে হাজার খানেক মানুষ আবার স্বেচ্ছাশ্রমে মেরামতকাজ শুরু করে। বেলা দুইটার দিকে প্রাথমিকভাবে বাঁধটি মেরামত করে লোকালয়ে পানি ঢোকা বন্ধ করতে সক্ষম হয় তারা।
সাতক্ষীরা পাউবোর বিভাগ-২-এর শাখা কর্মকর্তা আবুল হোসেন বলেন, গ্রামের মানুষের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রাথমিকভাবে বাঁধটি মেরামত করা সম্ভব হয়। তিনিসহ সাতক্ষীরা পাউবোর নির্বাহী কর্মকর্তা অপূর্ব কুমার ভৌমিক ও উপবিভাগীয় প্রকৌশলী ফারুক হোসেন এ কাজের তদারকি করেন। পাউবো আজ মঙ্গলবার ভাটার সময় থেকে মূল বাঁধের কাজ শুরু করবে বলে জানান তিনি।