আশাশুনিতে নয়টি স্থানে বেড়িবাঁধে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার দুটি ইউনিয়নের নয়টি স্থানে বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে বিছট, জেলেখালী, দয়ারঘাট ও চাকলা গ্রামের প্রায় সোয়া এক কিলোমিটার এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে খোলপেটুয়া নদী ও কপোতাক্ষ নদের পাশের ৩৫টি গ্রামের লক্ষাধিক মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো-২) কার্যালয় জানায়, আইলাবিধ্বস্ত আশাশুনির ওপর দিয়ে প্রবাহিত খোলপেটুয়ার বিছট, কোলা, হাজারাখালী, ঘোলা ত্রিমোহনী, হিজলিয়া, কেয়ারগাতি, চন্ডিতলা ও বুধহাটার তেঁতুলতলা এবং কপোতাক্ষ নদের চাকলা এলাকায় প্রায় পাঁচ কিলোমিটার বেড়িবাঁধে কমবেশি ভাঙন দেখা দিয়েছে।
গত বুধবার বিছট, জেলেখালী, দয়ারঘাট ও চাকলা এলাকা ঘুরে দেখা গেছে, ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। সোমবার বিছট এলাকার লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙনরোধে কাজ করেন। কিন্তু জোয়ারের পানিতে তা ভেঙে নদীতে মিশে যায়।
চাকলা গ্রামের আবদুর রহমান সরদার ও খগেন্দ্রনাথ মণ্ডল বলেন, তাঁদের এলাকায় প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে ভাঙন চলছে। ভাঙন বর্তমানে প্রবল আকার ধারণ করেছে। বাঁধ ভাঙলে আট-দশটি গ্রামের পাশাপাশি অসংখ্য চিংড়িঘেরের মাছ ভেসে যেতে পারে।
আশাশুনি সদরের জেলেখালী এলাকার হযরত আলী বলেন, খোলপেটুয়া নদীর দয়ারঘাট ও জেলে এলাকায় বাঁধ ভেঙে গেলে আশাশুনি সদর প্লাবিত হবে। এ ছাড়া শ্রীকলস, বলাবাড়িয়া, কদমতলা, দুর্গাপুর, আদালতপুর, খাসেরআবাদ, হাঁসখালি, শীতলপুরসহ ১৫টি গ্রাম তলিয়ে যেতে পারে।
জেলা প্রশাসক মো. নাজমুল আহসান জেলেখালী, দয়ারঘাট ও চাকলা এলাকার বেড়িবাঁধের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে বলেন, দ্রুত বেড়িবাঁধ রক্ষায় কাজ করতে পাউবোর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে।
শহীদুল ইসলাম বলেন, নয়টি স্থানের বেড়িবাঁধ সংস্কারের জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ে দুই কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এ ছাড়া চাকলা ও দয়ারঘাট এলাকায় জরুরি ভিত্তিতে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।