আশাশুনিতে বজ্রপাতে দুজনের মৃত্যু
সাতক্ষীরার আশাশুনি উপজেলার পৃথক গ্রামে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কাঁদাকাটি ও তুয়াডাঙ্গা গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন আশাশুনি উপজেলার কাঁদাকাটি গ্রামের জাহাঙ্গীর হোসেন মোড়ল (৪৫) ও তুয়াডাঙ্গা গ্রামের ভজহরি মণ্ডল (৫০)।
জাহাঙ্গীর হোসেনের স্ত্রী ময়না খাতুন প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী খেজুরডাঙ্গা পাটখালীর বিলে একটি ঘেরে শ্রমিকের কাজ করতেন। গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে চিংড়ি ধরার সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ভজহরি মণ্ডলের ভাই প্রভাষ মণ্ডল বলেন, গতকাল সকালে তাঁর ভাই তুয়াডাঙ্গা খালে জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। হঠাৎ বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তাঁর ভাই মারা যান।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম বলেন, দুপুরে জাহাঙ্গীর হোসেনের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এবং ভজহরির শেষকৃত্য সম্পন্ন হয়েছে।