আশাশুনিতে বাঁধে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের তিনটি স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এসব জায়গায় যেকোনো সময় বাঁধ ভেঙে যেতে পারে।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, প্রতাপনগরে খোলপেটুয়া নদীর হরিশখালী নামক জায়গায় মাস খানেক আগে পাউবোর বাঁধের প্রায় এক কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দেয়। সে সময় নিজ উদ্যোগে অস্থায়ীভাবে বাঁধের ভাঙা অংশ মেরামত করা হয়। কিন্তু এখন জোয়ারের পানি বৃদ্ধির পাশাপাশি ঝোড়ো হাওয়ায় যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে ইউনিয়নের প্রতাপনগর, কল্যাণপুর ও নাকনা গ্রাম প্লাবিত হতে পারে। ভেসে যেতে পারে তিন শতাধিক চিংড়িঘের ও ৪০টি পুকুর।
কোলা গ্রামের আবদুল আজিজ বলেন, খোলপেটুয়া নদীর কোলা পুরোনো মসজিদের পাশে বাঁধের এক কিলোমিটার এলাকাজুড়ে গত সোমবার ফাটল দেখা দেয়। ফাটল ক্রমশ বড় হচ্ছে। এই বাঁধ ভেঙে গেলে ইউনিয়নের হিজলা, কোলাসহ আশাশুনি সদর ও শ্রীউলা ইউনিয়নের ২৫টি গ্রাম প্লাবিত হবে। এতে ১ হাজার ২০০-এর বেশি চিংড়িঘের ও শতাধিক পুকুর ভেসে যাবে। অসংখ্য বাড়িঘর ক্ষতিগ্রস্ত হবে।
চাকলা গ্রামের আবদুর রহমান গাজী বলেন, সোমবার কপোতাক্ষ নদের চাকলা এলাকায় পাউবোর ৫০০ মিটার এলাকায় ফাটল দেখা দেয়। এখানকার বাঁধ ভেঙে গেলে চাকলা, শুভ্রকাটি, দীঘলারআইট ও রুয়ারবিল গ্রাম তলিয়ে সাত শ চিংড়িঘের ও অর্ধশত পুকুর ভেসে যাবে। পাঁচ হাজার বিঘার বোরো তলিয়ে যেতে পারে।
পাউবোর আশাশুনি উপজেলা শাখা কর্মকর্তা আবদুল মতিন বলেন, বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ জরুরিভাবে মেরামতের জন্য ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হরিশখালীর ভাঙনকবলিত বাঁধ মেরামতের জন্য অনুমতি পাওয়া গেছে। দ্রুত কাজ শুরু করা হবে। অন্য দুই জায়গায় মেরামতের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।