আশাশুনিতে বিএনপি কর্মীর হাত-পা ভাঙল সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলা বিএনপির কর্মী আবুল কালামকে (৩৫) পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। মাথায় কুপিয়ে গুরুতর জখম করেছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে আশাশুনির আনুলিয়া ইউনিয়নের মধ্যম একসরা গ্রামে এ ঘটনা ঘটে।
আবুল কালাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুসের ছোট ভাই। হামলাকারীরা আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলমের সমর্থক বলে অভিযোগ করেছেন আহত কালামের ভাবি আশাশুনির নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা কুদ্দুস।
জাহানারা জানান তিনি, আবুল কালাম ও তাঁর শিশু সকালে স্থানীয় একসরা মাদ্রাসায় যান। ফেরার সময় বেলা ১১টার দিকে আলমগীরের সমর্থক শওকত, রহমত, আজিজ ও হারুনসহ সাত-আটজন কালামকে ধরে নিয়ে যায়। পরে তাঁকে পিটিয়ে বাঁ হাত ও বাঁ পা ভেঙে দেয়। ডান চোখ তুলে নেওয়ার চেষ্টা করে। মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। পরে অচেতন অবস্থায় একটি বাড়িতে আটকে রাখে। তিনি পুলিশকে খবর দিলে দীর্ঘক্ষণ পর বিকেল চারটার দিকে আশাশুনি থানার উপপরিদর্শক আকরাম হোসেন কালামকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আলমগীর আলম দাবি করেন, ঘটনার সঙ্গে তাঁর লোকজন জড়িত নন। অবরোধ ও হরতালের নামে আবুল কালামের পরিবার এলাকায় নির্যাতন চালিয়েছে। এ কারণে ক্ষুব্ধ গ্রামবাসী আবুল কালামকে গণপিটুনি দিয়েছে।