
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে কপোতাক্ষ নদের কুড়িকাউনিয়া এলাকার বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে আরও চারটি গ্রাম প্লাবিত হয়েছে। এ পর্যন্ত ছয়টি গ্রাম প্লাবিত হয়ে দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভেসে গেছে দুই শতাধিক চিংড়িঘের। তলিয়ে গেছে খেতের ফসল। গত সোমবার ভোরে পাউবোর এ বাঁধ ভেঙে যায়।
প্রতাপনগর ইউপির চেয়ারম্যান জাকির হোসেন বলেন, কুড়িকাউনিয়া এলাকার পাউবোর মূল বেড়িবাঁধের ১৫০ ফুট অংশ সোমবার ভোরে কপোতাক্ষ নদে বিলীন হয়ে যায়। দু-তিন ঘণ্টার মধ্যে ধসে পড়া স্থান দিয়ে পানি ঢুকে কুড়িকাউনিয়া ও শ্রীপুর গ্রাম দুটির অধিকাংশ এলাকা প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়ে দুই শতাধিক পরিবার। তিনি দাবি করেন, পাউবো কর্তৃপক্ষের গাফিলাতির কারণেই প্রতাপনগর ইউনিয়নবাসীর এই দুর্দশা। বারবার বলার পরও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি।
জাকির হোসেন আরও বলেন, সোমবার রাতে মূল বাঁধের পাশাপাশি ৩৫০ ফুট রিং বাঁধও ভেঙে প্রতাপনগর, সোনাবাদকাটি, নকনা ও কল্যাণপুর গ্রাম প্লাবিত হয়। এতে অন্তত দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। দুই শতাধিক চিংড়িঘের ভেসে গেছে। তলিয়ে গেছে পাঁচ শতাধিক বিঘার আমন ফসল। গতকাল মঙ্গলবার ভোর থেকে দু-তিন হাজার গ্রামবাসী বাঁধের ভাঙনকবলিত এলাকা মেরামতের কাজ শুরু করে। রিং বাঁধের ১৫০ ফুট অংশে বাঁশের পাশাপাশি বালুর বস্তা ও মাটি ফেলা হয়েছে। এরপর জোয়ার শুরু হওয়ায় আর কাজ করা যায়নি। আজ বুধবার ভাঙনরোধে আবার কাজ করা হবে। আশা করা হচ্ছে, বাকি ২০০ ফুট অংশের কাজ শেষ হলে প্রাথমিকভাবে লোকালয়ে নদীর পানি ঢোকা বন্ধ করা যাবে। পরে মূল বাঁধ মেরামতের কাজ শুরু করা হবে।
কুড়িকাউনিয়া এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী বাবু শেখ ও আবদুল মালেক বলেন, তাঁদের বাড়ির আঙিনায় দুই দিন ধরে দুই ফুটের ওপর পানি। ঘর থেকে কেউ বের হতে পারছে না। সবাই পানিবন্দী হয়ে আছে। দ্রুত পানি ঢোকা বন্ধ না করা গেল বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হবে।
নাকনা গ্রামের চিংড়িচাষি সিরাজুল মোড়ল ও শেখ জাহাঙ্গীর আলম বলেন, সোমবাররাতেতাঁদের বাড়ির আঙিনা পানিতে ডুবে গেছে। নদীতে জোয়ারের চাপ বেশি হলে যেকোনো সময় পানি বেড়ে ঘরেও ঢুকে পড়বে। তাঁদের ৪০ বিঘার চিংড়িঘের ভেসে গেছে। এতে পাঁচ থেকে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।
পাউবোর আশাশুনি কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী ফারুক হোসেন বলেন, গতকাল ভোর থেকে তাঁদের সহযোগিতায় স্থানীয় মানুষ কাজ করে রিং বাঁধের একটি অংশ সংস্কার করেছে। আজ বুধবার বাকি অংশ সংস্কার করা গেলে লোকালয়ে পানি ঢোকা বন্ধ করা যাবে। তারপর আগামী অমাবস্যার আগে মূল বাঁধ সংস্কার করতে পারলে আর ঝুঁকি থাকবে না।