আশাশুনিতে বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে দুই গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে ১ হাজার বিঘার মৎস্য ঘের ও ফসলি জমি।

গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে প্রতাপনগর ইউনিয়নের হরিশখালী এলাকায় খোলপেটুয়া নদীর ২০০ ফুট বেড়িবাঁধ ভেঙে যায়। এতে হরিশখালী ও মাদারবাড়িয়া গ্রাম প্লাবিত হয়। গতকাল শুক্রবার সকাল থেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙনকবলিত বাঁধ সংস্কারের কাজ শুরু হলেও দুপুরের দিকে জোয়ারে তা আবারও তলিয়ে যায়।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ জরাজীর্ণ। পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) বারবার বললেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। তার ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের চাকলা, বারুইআটি, শুভ্রকাটি, কুড়িকাউনিয়া, নাকনা, হরিশখালী ও কোলা নামক স্থানগুলো ঝুঁকিপূর্ণ। বৃহস্পতিবার রাতে জোয়ারের চাপে হরিশখালী এলাকায় বাঁধটি ভেঙে যায়। এতে হরিশখালী ও মাদারবাড়িয়া গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে ১ হাজার বিঘা জমির মৎস্য ঘের ও ফসলি জমি।

তিনি আরও বলেন, গতকাল শুক্রবার সকালে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধটি সংস্কার করার কাজ শুরু করলেও দুপুরের জোয়ারে পানির প্রবল স্রোতে তা আবারও তলিয়ে যায়। তিনি অভিযোগ করে বলেন, পাউবোকে ঘটনাটি রাতেই বলা হলেও তারা ঘটনাস্থল পরিদর্শন করেনি।

পাউবোর আশাশুনি উপজেলায় কর্মরত শাখা কর্মকর্তা (এসও) সুনীল কুমার ভদ্র বলেন, আজ শনিবার থেকে  বাঁধ মেরামতের কাজ শুরু করা হবে।