আশাশুনিতে ব্যবসায়ীকে জিম্মি করে ১৫ লাখ টাকা ছিনতাই
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় গত বুধবার রাতে দুর্বৃত্তরা এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।জেলার কালীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মুদি ব্যবসায়ী রুহুল কুদ্দুস মামলার এজাহারে উল্লেখ করেন, আসন্ন ঈদ উপলক্ষে স্থানীয় ৪২ জন ব্যবসায়ীর মুদিখানার মাল কেনার জন্য বুধবার রাত সাড়ে আটটার দিকে তিনি আশাশুনির গোরালী খেয়াঘাটে যাচ্ছিলেন। সেখান থেকে লঞ্চযোগে তাঁর খুলনায় যাওয়ার কথা। পথে আশাশুনি উপজেলার মধ্যম একসরা এলাকায় সাত-আটজন সন্ত্রাসী তাঁকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।এ ব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, এ ঘটনায় ব্যবসায়ী রুহুল কুদ্দুস বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন। পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন আশাশুনি উপজেলার চেউটিয়া গ্রামের রফিকুল ইসলাম ও একই গ্রামের আসাদুল ইসলাম। জিজ্ঞাসাবাদের জন্য আসাদুলের বাবা মমতেজ গাজীকেও আটক করা হয়েছে।