আশাশুনিতে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মোমেনা খাতুন (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার আশাশুনি-প্রতাপনগর সড়কের কাছারিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমেনা খাতুন প্রতাপনগরের গদাইপুর গ্রামের রউফ খাঁর স্ত্রী। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আবু দাউদ (৩৫) আহত হন। তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আজ দুপুরে আবু দাউদ মোটরসাইকেলে করে প্রতাপনগর থেকে আশাশুনি যাচ্ছিলেন। পথিমধ্যে খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের কাছারিবাড়ি এলাকায় আবু দাউদ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মোমেনা খাতুনকে সজোরে ধাক্কা দেন। এতে মোমেনা খাতুন আহত হন। তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, মোমেনার লাশ বুধবার বিকেল পর্যন্ত সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।