আশাশুনিতে সংঘর্ষে নিহত ১
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামে আজ বৃহস্পতিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে ছয়জন।
নিহত ব্যক্তির নাম আবদুল হাকিম সরদার (৫৫)। তিনি শ্রীউলা গ্রামের আফিলউদ্দীন সরদারের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের আমীর আলীর ছেলে মফিজুর রহমান বাবু গাজী (৩০), সফিকুল ইসলাম সরদারের ছেলে আনারুল ইসলাম (১৮), ইউনুস আলী সরদার (১৯), কহিনুর ইসলামের ছেলে বাবলুর রহমান (২৪), আজিবর গাজীর ছেলে বাবু গাজী (৩০) ও আরশাদ আলীর ছেলে আবদুস ছালাম (৪৫)।
আশাশুনির শ্রীউলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা শাকিল প্রথম আলো ডটকমকে জানান, শ্রীউলার সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মাদের সঙ্গে তাঁর চাচাতো ভাই ও আওয়ামী লীগকর্মী আবদুল হাকিম সরদারের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছে। এ বিরোধে আবদুল হাকিমের পক্ষ অবস্থান নেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য শহীদুল ইসলাম। গতকাল একটি মামলায় জামিন পাওয়ার পর সাতক্ষীরা আদালত চত্বরে নূর মোহাম্মাদ ও আবদুল হাকিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সাতক্ষীরা আদালত থেকে নুর মোহাম্মাদ পক্ষের সদস্য আল মুজাহিদকে অস্ত্রসহ আটক করে পুলিশ।
এ ঘটনার জের ধরে আজ সকাল থেকে দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে নুর মোহাম্মাদের সমর্থকেরা আবদুল হাকিমকে বল্লম দিয়ে খুঁচিয়ে হত্যা করে। এ সময় আবদুল হাকিম পক্ষের আরও ছয়জনকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়।
সাতক্ষীরার কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।