আশাশুনিতে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার উপজেলার বিলবকচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কৃষ্ণপদ বাছাড় নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।আশাশুনির পুঁইজেলা মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রী জানায়, একই গ্রামের ছেলে জয়দেব বাছাড় তাকে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে সাড়া না দেওয়ায় জয়দেব তাকে নানাভাবে উত্ত্যক্ত করত। জয়দেব তাকে অপহরণের হুমকিও দেয়। রোববার রাত ১১টার দিকে বাড়ির সামনে থেকে জয়দেব বাছাড়ের নেতৃত্বে দুই-তিনজন তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে একটি চিংড়িঘেরের পাহারাঘরে জয়দেব তাকে ধর্ষণ করে। এতে একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। গতকাল সোমবার জ্ঞান ফিরলে বাড়িতে ফিরে তার বাবা-মাকে বিস্তারিত জানায়।কৃষ্ণপদ বাছাড় জানায়, এ বিষয়ে সে কিছু জানে না। তাকে কেন মামলায় জড়ানো হয়েছে, তা সে বুঝতে পারছে না।আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, গতকাল এ ঘটনায় ওই ছাত্রী দুজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।