আশাহত সিদ্দিকুরের দেশে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই চোখেই দৃষ্টি ফিরবে এমন আশা ছিল সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের। দেশে ফিরে মায়ের মুখ দেখবেন, এমন ব্যাকুলতায় মন ছিল উচাটন। কিন্তু সিদ্দিকুরের সেই আশা পূরণ হয়নি। চোখে অন্ধকার নিয়েই তিনি ফিরেছেন।

ভারতের চেন্নাইয়ে চিকিৎসা শেষে গতকাল শুক্রবার দেশে ফিরেছেন সিদ্দিকুর রহমান। বেলা সোয়া তিনটার দিকে মালদ্বীপ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর বড় ভাই নায়েব আলী আর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক জাহিদ আহসান।

বিমানবন্দর থেকে সিদ্দিকুরকে নিয়ে যাওয়া হয় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে। সন্ধ্যায় সেখানেই তাঁর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। চোখে কালো চশমা দিয়ে সিদ্দিকুর বসেছিলেন হাসপাতালের বিছানায়। চিকিৎসকেরা জানিয়েছেন, চোখে দেখার আশা ক্ষীণ। তবে এখনো সৃষ্টিকর্তার ইচ্ছায় অলৌকিক কিছুর প্রত্যাশা করছেন সিদ্দিকুর। 

সিদ্দিকুর বলছিলেন, ‘দেশ থেকে যাওয়ার সময় ক্ষণিকের জন্যও ভাবি নাই যে দেশে ফিরেও আমি দেখব না। মনে প্রচণ্ড আঘাত পাইছি।’ সিদ্দিকুরের কণ্ঠে আক্ষেপ ঝরে, ‘হয়তো ভাগ্যে এমন কিছুই ছিল। এক জীবনে হয়তো আল্লাহ দুই রূপ দেখাবে পৃথিবীর।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণার দাবিতে গত ২০ জুলাই শাহবাগে আন্দোলনে গিয়ে ‘পুলিশের কাঁদানে গ্যাসের শেলের’ আঘাতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সিদ্দিকুরের দুই চোখ ক্ষতিগ্রস্ত হয়। ওই দিনই তাঁকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর দুই চোখে অস্ত্রোপচার শেষে চিকিৎসকেরা বলেন, সিদ্দিকুরের ডান চোখের দৃষ্টি নেই। বাঁ চোখে এক দিক থেকে আলো ফেললে আলোর উপস্থিতি টের পাচ্ছেন। দৃষ্টি ফেরার ‘ক্ষীণ’ আশা আছে।

২৭ জুলাই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সিদ্দিকুরকে চেন্নাইয়ে পাঠানো হয়। পরের দিন সেখানকার চিকিৎসক ধনশ্রী রাত্রা সিদ্দিকুরের চোখ পরীক্ষা করে বলেন, চোখের ভেতরের আঘাত গুরুতর। অস্ত্রোপচারে যাওয়া ঠিক হবে কি না, এ জন্য তিনি দ্বিতীয় মতামতের জন্য চিকিৎসক লিংগম গোপালের কাছে পাঠিয়ে ছিলেন। লিংগম গোপাল তাঁর মতামতে বলেন, অস্ত্রোপচারেও সিদ্দিকুরের চোখের দৃষ্টি ফিরবে না। তবে সিদ্দিকুরের সম্মতি থাকায় শেষ চেষ্টা হিসেবে ৪ আগস্ট তাঁর চোখে অস্ত্রোপচার করা হয়।

এখনকার জীবনটা কেমন জানতে চাইলে চুপ করে যান সিদ্দিকুর। কিছুক্ষণ পর যখন কথা বলতে শুরু করেন তখন কণ্ঠ ভার। ‘আমি জীবনে ফিরতে চাচ্ছি। যারা আমাকে কাছ থেকে চেনে, তারা জানে, আমি কারও সাহায্য নিতে পছন্দ করতাম না। এখনো আমি চেষ্টা করব, আমি যেন নিজে চলতে পারি, কাউকে যেন বিরক্ত করতে না হয়।’

এর আগে সিদ্দিকুরকে স্বাগত জানাতে তার সহপাঠীরা চোখে কালো কাপড় বেঁধে বিমানবন্দরে অবস্থান নেন। বিমানবন্দরে নেমে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে সিদ্দিকুর বলেন, ‘আমি আমার লেখাপড়া চালিয়ে যেতে চাই, পড়াশোনা শেষ করতে চাই। আমি যেন অবহেলার পাত্র না হই। সম্মানজনক একটা অবস্থান চাই।’