আশায় আশায় জীবন পার

১৯৮৭ সালে ২৮ বছর বয়সে খুলনা কর্মজীবী মহিলা হোস্টেলে সহকারী সুপার হিসেবে যোগদান করেন হাসনা হেনা। সরকারি প্রকল্পের মাধ্যমে চলা হোস্টেলটি একসময় রাজস্ব খাতে যাবে, সেই স্বপ্ন দেখতেন তিনি। তাই অন্য কোনো চাকরির চেষ্টা না করে আশায় বুক বেঁধে নিরবচ্ছিন্নভাবে কাজ করে গেছেন তিনি।
কিন্তু হাসনা হেনার সেই আশা আজও পূরণ হলো না। আর মাত্র এক বছর পরই চাকরি থেকে অবসরে যাবেন তিনি। অবশ্য পাঁচ বছর আগে তাঁর আশার পালে একটু হাওয়া লেগেছিল। তখন দেশের মোট সাতটি কর্মজীবী মহিলা হোস্টেলের মধ্যে ঢাকার তিনটি রাজস্ব খাতে নেওয়া হয়। আশা করেছিলেন, হয়তো খুলনা কর্মজীবী মহিলা হোস্টেলও রাজস্ব খাতে যাবে। কিন্তু সেটি আর হলো না।
আক্ষেপ নিয়ে হাসনা হেনা বললেন, ‘হোস্টেলে যোগদানের সময় চাকরির বয়সও ছিল। চেষ্টা করলে বড় সরকারি চাকরি হয়তো পেতাম। কিন্তু রাজস্ব হওয়ার আশায় মাটি কামড়ে বসে আছি। দুই যুগেরও বেশি সময়ে রাজস্ব খাতে তো যায়নি, বরং আয় দিয়ে হোস্টেলটি চালাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হয়।’
শুধু হাসনা হেনা নন, তাঁর মতো অসহায় জীবন কাটাচ্ছেন হোস্টেলটির ১১ জন কর্মকর্তা-কর্মচারী। সরকারি সহায়তা না থাকায় সামান্য বেতন দিয়েই চলতে হচ্ছে তাঁদের। মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়ে হোস্টেলের আয় থেকেই কর্মকর্তা-কর্মচারীদের বেতনসহ সব ব্যয় মেটাতে বলা হয়েছে। কিন্তু গত পাঁচ বছরের হিসাব থেকে দেখা গেছে, হোস্টেলটি বর্তমানে প্রায় দেড় লাখ টাকার মতো লোকসানে রয়েছে।
১৯৮৬ সালে খুলনা নগরের বয়রা এলাকায় ৪৩ শতক জমির ওপর তিনতলা ভবন নিয়ে খুলনা মহিলা হোস্টেলের যাত্রা শুরু। মোট ৪৪টি কক্ষের হোস্টেলটিতে আসন রয়েছে ১৫৪টি।
২০১৪ সালের জানুয়ারিতে মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ হোসেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে তিনি ঢাকার বাইরের চারটি মহিলা হোস্টেলের অসহায়ত্বের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, মহিলা হোস্টেলের কর্মচারীরা জাতীয় বেতন স্কেলে নিয়োগপ্রাপ্ত হয়ে চাকরিতে যোগদান করেছেন। তাঁরা সরকারি সব সুযোগ-সুবিধা পাবেন বলে নিয়োগবিধিতে উল্লেখ আছে। ঢাকার তিনটি হোস্টেল সমসাময়িক বা পরে স্থাপিত হয়েও রাজস্ব খাতে স্থানান্তর করা হয়েছে। কিন্তু এ হোস্টেলগুলোর ব্যাপারে কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন।
হোস্টেলটির কর্মকর্তা-কর্মচারীরা জানান, তাঁদের মতো দেশের অন্য চারটি মহিলা হোস্টেলের কর্মকর্তা-কর্মচারীরাও বিপদে রয়েছেন। আয় না থাকায় অত্যন্ত কষ্টে জীবনযাপন করছেন। সামান্য আয় দিয়ে ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
কর্মকর্তা-কর্মচারীরা জানান, হোস্টেলের আয় থেকে কর্মচারীদের বেতনসহ আনুষঙ্গিক খরচ চালানোর কথা বলা হয়েছে। হোস্টেল থেকে মাসে আয় হয় ৭৫ হাজার টাকা। বিদ্যুৎ ও পানির বিল, পৌরকর ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করতেই প্রায় সব টাকা শেষ হয়ে যায়। এরপর কর্মচারীদের বেতন দেওয়ার মতো পরিস্থিতি থাকে না।
হোস্টেলের হিসাবরক্ষক মো. মাসুদুর রহমান বলেন, ‘হোস্টেলটি সংস্কারের প্রয়োজন। কিন্তু বর্তমানে লোকসানে থাকায় তা সম্ভব হচ্ছে না। আমরা চাই, হোস্টেলটি রাজস্ব খাতভুক্ত হোক। রাজস্ব খাতে গেলে হোস্টেলের যেসব সমস্যা আছে সেগুলো সমাধান হয়ে যাবে।’
জানতে চাইলে খুলনা জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন প্রথম আলোকে বলেন, ‘আমরাও জানি, মহিলা হোস্টেলের কর্মকর্তা-কর্মচারীদের দুর্দশার কথা। এ ব্যাপারে অধিদপ্তর থেকে কয়েকবার পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তা ফেরত পাঠানো হয়েছে।’ বর্তমানে বিষয়টি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
পাঁচ বছর আগে সারা দেশের মোট সাতটি হোস্টেলের মধ্যে ঢাকার তিনটি হোস্টেল সরকারীকরণ হয়। কিন্তু খুলনা, যশোর, রাজশাহী ও চট্টগ্রামের হোস্টেল চারটি এ প্রক্রিয়া থেকে বাদ পড়ে।