আশায় ছোটাছুটি, নিরাশায় ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসমা বেগম যমুনায় ভিটা হারিয়েছেন অনেক আগেই। স্বামী ও তিন সন্তান নিয়ে এত দিন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রোহদহ নতুন বাজারে কোনোমতে মাথা গুঁজে ছিলেন। ধানদেনা করে পাঁচ শতক জায়গা কিনে দুটি বেড়ার ঘর তুলে সাজিয়েছিলেন কষ্টের সংসার। স্বামী ভুট্টো মিয়া কখনো দিনমজুরি, কখনো ভ্যান চালিয়ে সংসার চালান। তিন ছেলেমেয়ে স্কুলে পড়ে। যমুনা ফুঁসে উঠলেও স্বামী-সন্তান নিয়ে এক মাস ধরে পানিবন্দী হয়েও ঘর দুটো আঁকড়ে ছিলেন আসমা। কিন্তু গত রোববার রাতে বানের পানিতে ভেসে গেছে সব।
নিঃস্ব আসমা দিশেহারা হয়ে স্বামী-সন্তান নিয়ে উঠেছেন রোহদহ নতুন বন্যানিয়ন্ত্রণ বাঁধে। গতকাল সোমবার সকালে রোহদহ বাঁধে ঘরহারা আসমা আহাজারি করছিলেন। সান্ত্বনা দিচ্ছিলেন অন্যরা। শুধু আসমা বেগমের ঘর ভেসে যায়নি, রোববার রাতে বানের পানিতে ভেসে গেছে তাঁর মতো অনেকের ঘর। ঘরহারা এসব মানুষ আশ্রয় নিয়েছেন রোহদহ নতুন ও পুরোনো বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও আশ্রয়কেন্দ্রে।
গতকাল বেলা ১১টার দিকে রোহদহ নতুন বাজারে গিয়ে দেখা গেল, তীব্র স্রোত আর অথই পানি চারদিকে। সাড়ে ১১টার দিকে নৌকায় চড়ে রোহদহ পুরোনো বন্যানিয়ন্ত্রণ বাঁধে গিয়ে দেখা গেছে, যমুনার পানিতে বসতবাড়ি তলিয়ে যাওয়ায় প্রায় এক মাস শতাধিক পরিবার চট ও টিনের ঝুপড়ি ঘর বানিয়ে পুরোনো এই বাঁধে আশ্রয় নিয়েছে। বাঁধের এক পাশে ফুঁসে ওঠা যমুনা। অন্য পাশে বানের পানিতে তলিয়ে যাওয়া রোহদহ গ্রাম। আশ্রয় শিবিরের বেশির ভাগ মানুষের ঘরে খাবার নেই। প্রথম দিকে কিছু চাল-ডাল ও শুকনো খাবার মজুত থাকলেও দুর্ভোগ দীর্ঘস্থায়ী হওয়ায় ঘরে ঘরে এখন খাদ্যসংকট বিরাজ করছে। গোটা আশ্রয় শিবিরজুড়ে রয়েছে মাত্র দুটি চাপকল। অনেকটা নির্জন দ্বীপের মতো পানিতে অবরুদ্ধ এই আশ্রয় শিবিরে অমানবিক জীবন যাপন করছেন দুর্গত ব্যক্তিরা।
অচেনা নৌকা ভিড়তেই ত্রাণের আশায় ছুটে আসেন শতাধিক দুর্গত মানুষ। বেশির ভাগই নারী ও বৃদ্ধ।
বৃদ্ধ আবু তালেব (৮০) বলেন, ‘ম্যালা দিন হয়্যা গেল হামরায় পানিবন্দী। চিড়া-মুড়ি খ্যায়া হামাকেরে দিন যাচ্চে। এত দিন হয়্যা গেল ভাগ্যত এ্যানা ইলিফ (রিফিল) জুটল না।’
রোহদহ পুরোনো বাঁধের পাশেই সরকারি বন্যা আশ্রয়কেন্দ্র। এই আশ্রয়কেন্দ্রে উঠেছে ৩৫টি পরিবার। আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের অভিযোগ, শুধু মাথা গোঁজার ঠাঁই দিয়ে দায়সারা হয়েছে। এখানেও ত্রাণ সহায়তা নেই।
স্বামীহারা বাকপ্রতিবন্ধী সুফিয়া বেগম (৬০) উঠেছেন আশ্রয় শিবিরে। প্রতিদিন সকাল থেকে দিনভর সুফিয়া ত্রাণের আশায় বাঁধের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছোটাছুটি করেন ত্রাণের জন্য।
একই চিত্র দেখা গেল কর্নিবাড়ি থেকে গোদাখালী পর্যন্ত প্রায় আট কিলোমিটার বাঁধে আশ্রয় নেওয়া বানভাসি মানুষের মধ্যে। এসব বাঁধে দিন কাটছে রোহদহ, ঘুঘুমারী, শেখপাড়া, হাওয়াখালী, চন্দনবাইশা, নিজ চন্দনবাইশা, ফকিরপাড়া, আকন্দপাড়ার অসংখ্য মানুষের।
কামালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাহিনুর আজাদ বলেন, রোহদহ এলাকায় বানভাসি পরিবারের সংখ্যা প্রায় সাড়ে সাত শ। অথচ এখন পর্যন্ত আনুমানিক মাত্র তিন শ পরিবার ত্রাণ পেয়েছে।