আশায় বুক বাঁধছেন শিক্ষিতরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী আক্তার পড়াশোনা করেন পাটগ্রাম সরকারি কলেজে ডিগ্রি প্রথম বর্ষে। তাঁর উচ্ছ্বাস—এক দিন পরই তিনি বাংলাদেশের নাগরিক হয়ে যাবেন। ছিটমহলের বাসিন্দার অপবাদ ঘুচবে। একপর্যায়ে মিলবে চাকরিও। পড়াশোনা যখন শুরু করেন, তখন তা কল্পনাও করেননি।
ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা ছিটমহল বিনিময়ের মুহূর্তে শিল্পীর মতো লালমনিরহাটের পাটগ্রামে বসবাসরত বিভিন্ন ছিটমহলবাসী এমনই আশা করছেন।
শিল্পীর বাড়ি পাটগ্রামের জোংড়া ইউনিয়নের ১১৯ নম্বর বাঁশকাটা ছিটমহলের দয়ালেরটারী গ্রামে। বাবা নজরুল ইসলাম কৃষক। শিল্পী জানান, ছিটমহলের ঠিকানা ব্যবহার করে স্কুল-কলেজে ভর্তির সুযোগ নেই। তাই ভুয়া ঠিকানা দিয়ে তিনি পড়াশোনা করছেন। সহপাঠীদের একজন উচ্চমাধ্যমিক পাস করে পুলিশে চাকরি পেয়েছেন। আরেকজন শিক্ষকতা করেন। এখন তাঁরও চাকরি হবে বলে আশা করছেন।
পাটগ্রাম উপজেলায় ছিটমহল আছে ৫৫টি। সর্বশেষ জনগণনা অনুসারে এসব ছিটমহলের বাসিন্দা ৮ হাজার ৪৫২ জন। এঁদের ১৩৩ জন ভারতে চলে যাওয়ার আগ্রহ দেখিয়ে নাম লিখিয়েছেন। পাটগ্রাম ছিটমহলের বাসিন্দাদের মধ্যে ৮ হাজার ৩১৯ জন আজ শুক্রবার রাত ১২টার পর বাংলাদেশের নাগরিক হয়ে যাবেন। এই উপলক্ষে সব ছিটমহলে নেওয়া হয়েছে নানা আয়োজন।
আজ রাত ১২টায় ছিটমহলে ৬৮টি মোমবাতি জ্বালিয়ে ৬৮ বছরের অপেক্ষা ঘোচানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকের বাড়িতে বাংলাদেশের পতাকা উত্তোলনেরও প্রস্তুতি চলছে। শনিবার সকাল সাতটায় কয়েকটি ছিটমহলে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের নেতৃত্ব দেবেন ছিটমহল বাস্তবায়ন কমিটির নেতারা। সকাল নয়টায় পাটগ্রাম উপজেলা চত্বরে আয়োজন করা হয়েছে সমাবেশ ও শোভাযাত্রার। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি ও আপ্যায়নের ব্যবস্থা।
যাঁরা ভারতে চলে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন, তাঁদের মধ্যে চলছে অন্য রকম প্রস্তুতি। জমিজমাসহ স্থাবর সম্পদ আজ ৩১ জুলাই পর্যন্ত বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তবে অদরকারি আসবাব, গাছ ও গবাদিপশু বিক্রি করে দিচ্ছেন বাসিন্দারা। নতুন পরিচয়ে পরিচিত হওয়ার যেমন উচ্ছ্বাস দেখা গেছে, তেমনি জন্মভিটা ছেড়ে গিয়ে ঠিকমতো আবাস গড়ে তুলতে পারবেন কি না, সেই শঙ্কাও দেখা গেছে অনেকের মধ্যে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম প্রথম আলোকে বলেন, সরকারিভাবে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তবে ছিটমহলের বাসিন্দারা নিজ উদ্যোগে নানা আয়োজন করেছেন। উপজেলা প্রশাসন সহায়তা করছে।
বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জোংড়া ইউনিয়নের ছিটমহলগুলো থেকে পরিচয় গোপন করে স্নাতক পাস করেছেন এমন সংখ্যা ২০ জনের বেশি। কিন্তু কেউ ভালো কোনো চাকরি করেন না।
ভারত যেতে ইচ্ছুকদের সতর্ক উচ্ছ্বাস: জোংড়া ইউনিয়নের বসটারি এলাকায় গিয়ে বাসিন্দাদের মধ্যে চাপা উত্তেজনা দেখা যায়। বাড়িতে মেহমান এসেছে, আপ্যায়নের জন্য ছাগল জবাই করেছেন উকিল চন্দ্র বর্মণ। কথা বলার জন্য আগ্রহ দেখালে বসতে দেন। আরও জড়ো হন সদানন্দ বর্মণ, অশ্বিনীকুমার বর্মণ, বীরেন্দ্র বর্মণ, সরোজিনীসহ অনেকেই।
বাঁশকাটা ছিটমহল এলাকার ৯৭ জন ভারতে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন। ১ আগস্টের পর ভারতের নাগরিক হবেন—এমনটাই জানেন তাঁরা।
অশ্বিনীকুমার বর্মণ বললেন, বয়স তাঁর ৭০। বাপ-দাদার জন্ম এখানেই। দেশ ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। তবে না গিয়েও যে উপায় নেই। কারণ, এর আগে পাঁচবার ধরলা নদীর ভাঙনের শিকার হয়ে সর্বস্ব গেছে। বছর সাতেক আগে রাস্তায় থাকতে হয়েছে। তাই ভারতে গেলে একটা বসতি এবং কাজ পাওয়া যাবে—এই আশায় সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।