আশিককে মুক্তি না দিলে সাংবাদিকেরা থানা ঘেরাও করবেন

ডেইলি অবজারভার-এর কারারুদ্ধ আলোকচিত্র সাংবাদিক আশিক মোহাম্মদকে সোমবারের মধ্যে মুক্তি না দিলে কাল মঙ্গলবার পল্টন থানা ঘেরাওয়ের হুমকি দিয়েছেন সাংবাদিকেরা। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ আয়োজিত এক সমাবেশ থেকে এ হুমকি দেওয়া হয়।
সাংবাদিক আশিক মোহাম্মদকে গত ২৭ জুন মাদকদ্রব্য ইয়াবা বড়ি বহনের মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পুলিশের পল্টন থানা ও মতিঝিল বিভাগের কর্মকর্তারা দাবি করেছেন, এ অভিযোগ অসত্য। এদিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি করবে পুলিশ। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে ডিইউজের সভাপতি শাবান মাহমুদ বলেন, মঙ্গলবার তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি কর্মসূচি রয়েছে। এর আগে আশিক মোহাম্মদকে মুক্তি না দিলে সেই কর্মসূচি থেকে পল্টন থানা ঘেরাওসহ আরও বড় কর্মসূচির ঘোষণা আসবে।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের মহাসচিব ওমর ফারুক, সাবেক মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া, ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন, বিএফইউজের যুগ্ম সম্পাদক পুলক ঘটক, ডিইউজের মহাসচিব সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।