আশিফা আশরাফীসহ তিন আইনজীবীর মুক্তি দাবি করেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টে বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপিদলীয় সাংসদ আইনজীবী আশিফা আশরাফী পাপিয়াসহ তিন আইনজীবীর মুক্তি দাবি করেছে বিএনপি।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল শুক্রবার দুপুরে সংবাদ ব্রিফিংয়ে এ দাবি জানানো হয়।সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার সব অবৈধ কাজ বৈধ করে নিচ্ছে। তবে জনগণ এগুলোকে বৈধতা দেবে না। বিচার বিভাগ নিয়ে সরকার ঘৃণ্য খেলায় মেতেছে, কিন্তু এ খেলায় তারা সফল হবে না।নজরুল ইসলাম খান বলেন, বিরোধী দলের সমর্থক আইনজীবীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। প্রধান বিচারপতি হাইকোর্টের ওই ঘটনার সুষ্ঠু সমাধানের কথা বলেছেন। কিন্তু তার পরও বিরোধী দলের সমর্থক আইনজীবীদের বিরুদ্ধে মামলা এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিরোধী দলের সমর্থক আইনজীবীদের ওপর নির্যাতন বন্ধ এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান।হাইকোর্টে বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় গত বৃহস্পতিবার সৈয়দা আশিফা আশরাফীসহ তিন আইনজীবীকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মহানগর হাকিম আদালতে হাজির করা হলে জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানো হয়। আরেক আইনজীবীকে ধরতে বৃহস্পতিবার রাতভর তৎপর ছিল পুলিশ। গতকালও পুলিশ উচ্চ আদালত এলাকায় অবস্থান করে।সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, স্বনির্ভর-বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।