আশিয়ান সিটি: স্থগিত হয়নি অবৈধ ঘোষণার রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় অবস্থিত আশিয়ান সিটি প্রকল্প অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত হয়নি। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে আশিয়ান সিটি কর্তৃপক্ষ একটি আবেদন করলে আদালত ১৫ জুনের মধ্যে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে নির্দেশ দেন।

আজ রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
গত ১৬ জানুয়ারি বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে আশিয়ান সিটি প্রকল্প অবৈধ ঘোষণা করে রায় দেন।
এতে স্থগিতাদেশ চেয়ে আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। চেম্বার বিচারপতি রায়ে স্থগিতাদেশ না দিয়ে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
এর ধারাবাহিকতায় আজ বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসে। আশিয়ানের পক্ষে আইনজীবী ছিলেন রফিক-উল হক ও রোকনউদ্দিন মাহমুদ। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন মাহমুদুল ইসলাম ও ইকবাল কবির।
শুনানিতে আশিয়ানের পক্ষে রফিক-উল হক বলেন, ‘হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশিত হয়নি। রায়ে স্থগিতাদেশ চাইছি।’ এক মাসের সময় চেয়ে তিনি বলেন, ‘রায় পেলে নিয়মিত লিভ টু আপিল করা হবে।’
আদালত জানতে চান স্থগিতাদেশ পেলে কী হবে?
পরে আদালত ১৫ জুনের মধ্যে লিভ টু আপিল করতে বলেন।
আইনজীবী ইকবাল কবির প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেননি। আদালত ১৫ জুনের মধ্যে লিভ টু আপিল করতে বলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ২০০৬ সালে উত্তরার উত্তরখান ও দক্ষিণখান এলাকায় আশিয়ান সিটি প্রকল্পের কাজ শুরু করে। প্রকল্পের জন্য যে পরিমাণ জায়গা প্রয়োজন, তার চেয়ে বেশি জমি নিয়ে কার্যক্রম শুরু করা ও অনুমোদন না নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে আইন ও সালিশ কেন্দ্র, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ, নিজেরা করি ও পরিবেশ বাঁচাও আন্দোলন ২০১২ সালের ২২ ডিসেম্বর রিট করে।
রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ২ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারি করেন। একই সঙ্গে আশিয়ান সিটি আবাসন প্রকল্পের মাটি ভরাট, বিজ্ঞাপন প্রচার ও প্লট বিক্রি বন্ধে ব্যবস্থা নিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ (রাজউক) বিবাদীদের নির্দেশ দেন আদালত। হাইকোর্টের এ আদেশে স্থগিতাদেশ চেয়ে আশিয়ান সিটি কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে একই বছরের ৪ ফেব্রুয়ারি আপিল বিভাগ স্থগিতাদেশের জন্য করা আবেদন নিষ্পত্তি করে হাইকোর্টে রুল শুনানি করতে পক্ষগণকে নির্দেশ দেন।
হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রুলের ওপর শুনানি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি অন্য বেঞ্চে পাঠাতে ২০১৩ সালের ২৯ মে প্রধান বিচারপতির কাছে আবেদন করে রিট আবেদনকারী পক্ষ। ১৩ জুন প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হকের নেতৃত্বে বৃহত্তর বেঞ্চ গঠন করে দেন। পরে ওই বেঞ্চ আশিয়ান সিটি প্রকল্প অবৈধ ঘোষণা করে রায় দেন।