আশিয়ান সিটির বিরুদ্ধে রিট, বেঞ্চ পরিবর্তনের আবেদন
রাজধানীর উত্তরায় আশিয়ান সিটি প্রকল্পের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি হাইকোর্টের অন্য বেঞ্চে শুনানির জন্য পাঠাতে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ-সংক্রান্ত রুলের ওপর শুনানি চলছিল। গত মঙ্গলবার রিট আবেদনকারী পক্ষ ওই আবেদনের বিষয়টি আদালতকে জানায়। পরে আদালত দুদিনের জন্য শুনানি মুলতবি করেন। এর আগে গত ২৮ মে ওই বেঞ্চে শুনানিকালে স্থান সংকুলানের অভাবে আদালতকক্ষ থেকে আইনজীবী ছাড়া অন্যদের বেরিয়ে যেতে বলা হয়। ওই দিন আদালতকক্ষে উপস্থিত রিট আবেদনকারী আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, স্থপতি ইকবাল হাবিবসহ বেশ কয়েকজনকে এজলাসকক্ষ থেকে বেরিয়ে যেতে হয়।
ওই ঘটনার উল্লেখ করে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কার কথা তুলে ধরে বিষয়টি (রিট আবেদনটি) শুনানির জন্য অন্য বেঞ্চে পাঠাতে ২৯ মে প্রধান বিচারপতির বরাবর রিট আবেদনকারী পক্ষ আবেদনটি করে। এতে বলা হয়, আদালতকক্ষে এমন কোনো ভিড় ছিল না যে, আবেদনকারীদের বের হয়ে যেতে হবে।
ধার্য তারিখ ৪ জুন রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মাহমুদুল ইসলাম আদালত পরিবর্তনের আবেদনের বিষয়টি আদালতকে জানান। আশিয়ান সিটির পক্ষে বক্তব্য দেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। পরে আদালত দুদিনের জন্য শুনানি মুলতবি করেন।
আদালত সূত্র জানায়, আশিয়ান সিটির পক্ষে প্রধান বিচারপতি বরাবর ৪ জুন একটি আবেদন দেওয়া হয়। এতে রিট আবেদনকারীদের ওই আবেদন নিষ্পত্তির আগে তাদের শুনতে বলা হয়েছে। এ বিষয়ে জবাব দিয়ে গতকাল রিট আবেদনকারী পক্ষ প্রধান বিচারপতির বরাবর আরেকটি আবেদন দেয়। বেসরকারি আট সংস্থার করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারি করেন। একই সঙ্গে উত্তরায় আশিয়ান সিটি আবাসন প্রকল্পের মাটি ভরাট, বিজ্ঞাপন প্রচার ও প্লট বিক্রি বন্ধে ব্যবস্থা নিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ বিবাদীদের নির্দেশ দেওয়া হয়।
এরপর আশিয়ান সিটির আবেদনের পরিপ্রেক্ষিতে ৪ ফেব্রুয়ারি আপিল বিভাগ তা নিষ্পত্তি করে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে বলেন।
আইন অনুসরণ না করে প্রকল্পের কার্যক্রম পরিচালনার অভিযোগে জনস্বার্থে আটটি বেসরকারি সংস্থা গত বছরের ২২ ডিসেম্বর রিট আবেদনটি করে।