আশির দশকের মতো সংস্কৃতি ফিরে আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসেন জিল্লুর রহমান
হোসেন জিল্লুর রহমান

দফায় দফায় উপজেলা নির্বাচনে সহিংসতার চেয়েও ক্রমাগতভাবে বেশি বেড়েছে অনিয়ম। অশুভ একটা শক্তি নির্বাচনী ময়দানে সক্রিয় হয়ে উঠেছে। তারাই নির্বাচনকে নিয়ন্ত্রণ করছে। পাশাপাশি কর্তৃপক্ষের ভূমিকা এই অনিয়মে পরোক্ষ সহায়তা জোগাচ্ছে। কারণ, তারা এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এটা কর্তৃপক্ষের পরিকল্পিত নিষ্ক্রিয়তাও হতে পারে।
এর কোনোটাই স্থানীয় সরকারের জন্য তো নয়ই, গণতন্ত্রের জন্যও ভালো কিছু বয়ে আনবে না। এর মাধ্যমে আশির দশকের মতো জনগণের ভোটাধিকার অকার্যকর করার সংস্কৃতি ফিরে আসছে। ফলে জনগণ নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থাহীন ও বিমুখ হয়ে পড়তে পারে।
এই নির্বাচনে সরকারের সুযোগ ছিল সুষ্ঠু পরিবেশে মানুষের ভোটাধিকার প্রয়োগের পরিবেশ বজায় রেখে হারানো জনআস্থা ফিরে পাওয়ার। একই সঙ্গে এর মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার সুযোগও ছিল। কিন্তু সরকার সে পথে যায়নি। সম্ভবত নিজেদের রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদগ্র আকাঙ্ক্ষা সরকারকে ওই পথে যেতে বাধা দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এ পথ সরকারকে কোনো ভালো অবস্থানে নিয়ে যাবে না।
হোসেন জিল্লুর রহমান: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা।