আশিয়ান সিটি অবৈধের রায় স্থগিত হয়নি
রাজধানীর উত্তরায় আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের আশিয়ান সিটি (দক্ষিণখান, আশকোনা ও শিয়ালকাটা) প্রকল্প অবৈধ ঘোষণার রায় স্থগিত হয়নি। ১৫ জুন এর শুনানির দিন ধার্য করেছেন আদালত।
এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত ১৬ জানুয়ারি হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ সংখ্যাগরিষ্ঠের মতামতে ওই প্রকল্প অবৈধ ঘোষণা করে রায় দেন। এর বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন৷ ২৪ জানুয়ারি আদালত বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
গতকাল রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ পরবর্তী দিন ধার্য করেন। আদালতে আশিয়ান সিটির পক্ষে ছিলেন আইনজীবী রফিক-উল হক ও রোকনউদ্দিন মাহমুদ। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মাহমুদুল ইসলাম ও ইকবাল কবির।
শুনানিতে রফিক-উল হক বলেন, হাইকোর্টের রায় এখনো প্রকাশিত হয়নি। তাই স্থগিতাদেশ চাইছি।’ এক মাস সময় চেয়ে তিনি বলেন, রায় পেলে নিয়মিত সিপি (লিভ টু আপিল) করা হবে। পরে আদালত বলেন, ১৫ জুন বিষয়টি তালিকায় আসবে। বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, ফলাফলের ঘরে লেখা, নিয়মিত লিভ টু আপিল করতে নির্দেশ ও ১৫ জুন দিন ধার্য করা হলো।
রফিক-উল হক প্রথম আলোকে বলেন, স্থগিতাদেশ চেয়ে আবেদনটি করা হয়েছিল। আদালত ১৫ জুন দিন ধার্য করেছেন। ইকবাল কবির প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চাওয়া হলে স্থগিতাদেশ না দিয়ে আদালত ১৫ জুন দিন ধার্য করেন।
আইন অনুসরণ না করে প্রকল্পের কার্যক্রম পরিচালনার বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে আইন ও সালিশ কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (বাস্ট), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি), নিজেরা করি এবং পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ২০১২ সালের ২২ ডিসেম্বর রিট করে।