আশিয়ান সিটি প্রকল্প অবৈধ ঘোষণার রায় বাতিল
রাজধানীর উত্তরার দক্ষিণখানে আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের আশিয়ান সিটি প্রকল্প অবৈধ ঘোষণা করে দেওয়া রায় বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।
ওই প্রকল্প অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আশিয়ান কর্তৃপক্ষের করা রিভিউ (পুনর্বিবেচনার) আবেদন মঞ্জুর করে গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক, বিচারপতি নাঈমা হায়দার ও কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ এ রায় দেন।
২০১৪ সালের ১৬ জানুয়ারি হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ আটটি মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠনের করা রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতে প্রকল্পটি অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন। ওই রায় পুনর্বিবেচনা চেয়ে আশিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালক ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর আবেদন করেন।
এ আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৪ সালের ১৬ জানুয়ারি দেওয়া রায় কেন পুনর্বিবেচনা করা হবে না, তা জানতে চেয়ে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রুল দেন হাইকোর্ট। রুলের ওপর শুনানি শেষে আদালত রায় অপেক্ষমাণ (সিএভি) রাখেন। গতকাল রায় দেন আদালত। আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল ও মিনহাজুল হক চৌধুরী। আশিয়ান সিটির পক্ষে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান। রাজউকের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।
রিট করা সংগঠনগুলোর অন্যতম বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, আদালত বলেছেন পর্যবেক্ষণ থাকবে। পূর্ণাঙ্গ রায় পেলে জানা যাবে ওই প্রকল্প বৈধ কি না। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
২০০৬ সালে কাজ শুরু হওয়া দক্ষিণখানে আশিয়ান সিটি প্রকল্পের অনুমোদনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়। ২০১২ সালের ২২ ডিসেম্বর আইন ও সালিশ কেন্দ্র, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট, বেলা, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড
সার্ভিসেস ট্রাস্ট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ, নিজেরা করি ও পরিবেশ বাঁচাও আন্দোলন রিটটি করে।
আশিয়ানের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান প্রথম আলোকে বলেন, রিভিউ আবেদন মঞ্জুর হওয়ায় এখন প্রকল্পের কার্যক্রম পরিচালনায় বাধা নেই।