আশিয়ান সিটি প্রকল্প অবৈধ ঘোষণা করে দেওয়া রায় বাতিল
আশিয়ান সিটি প্রকল্প অবৈধ ঘোষণা করে দেওয়া রায় বাতিল করেছেন হাইকোর্ট। অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আশিয়ানের করা রিভিউ মঞ্জুর করে আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক, বিচারপতি নাঈমা হায়দার, কাজী রেজা-উল হকের বৃহত্তর বেঞ্চ এ রায় দেন।
আড়াই বছর আগে ২০১৪ সালের ১৬ জানুয়ারি হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ প্রকল্পটি অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন। ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর আশিয়ান সিটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক রিভিউ আবেদন করেন। এর ওপর শুনানি নিয়ে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দেন। রুলে ১৬ জানুয়ারি দেওয়া রায়টি কেন পুনর্বিবেচনা করা হবে না, তা জানতে চাওয়া হয়। রুলের ওপর শুনানি শেষে আদালত রায় অপেক্ষমাণ রাখেন। এর ধারাবাহিকতায় বিষয়টি আজ রায় ঘোষণার জন্য কার্যতালিকায় আসে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন ছাড়াই ২০০৬ সালে উত্তরার উত্তরখান ও দক্ষিণখান এলাকায় আশিয়ান সিটি প্রকল্প কাজ শুরু করে দাবি করে রিট করা হয়। ২০১২ সালের ২২ ডিসেম্বর জনস্বার্থে রিটটি করে আইন ও সালিশ কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ, নিজেরা করি ও পরিবেশ বাঁচাও আন্দোলন।
রিট আবেদনকারীদের পক্ষের আইনজীবী মিনহাজুল হক চৌধুরী বলেন, সাধারণত যে বেঞ্চ রায় ঘোষণা করে থাকেন পুনর্বিবেচনার জন্য, সেই বেঞ্চেই আবেদন করার সুযোগ আছে। এর ধারাবাহিকতায় এই বেঞ্চেই তাঁরা রিট আবেদন করেন।
হাইকোর্টের দেওয়া আজকের রায় প্রসঙ্গে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
আরও পড়ুন: