আশিয়ান সিটি প্রকল্প: রায় বাতিলের স্থগিতাদেশ চেয়ে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরার আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের দক্ষিণখান প্রকল্প অবৈধ ঘোষণার রায় বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিতের আবেদন করেছে রিট আবেদনকারী পক্ষ। এর আগে ১৬ আগস্ট হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চ অবৈধ ঘোষণার রায় বাতিল করে রায় দেন। প্রকল্প অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আশিয়ান কর্তৃপক্ষের করা রিভিউ (পুনর্বিবেচনার) আবেদনের পরিপ্রেক্ষিতে ওই রায় আসে।

রিট আবেদনকারীদের আইনজীবী মিনহাজুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ১৬ আগস্ট হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদনটি করা হয়েছে। গতকাল বুধবার চেম্বার বিচারপতির আদালতে শুনানির জন্য ৫৩ নম্বর ক্রমিকে রয়েছে।
২০১৪ সালের ১৬ জানুয়ারি হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ আটটি মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠনের করা রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতে প্রকল্পটি অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন। ওই রায় পুনর্বিবেচনা চেয়ে আশিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালক ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর আবেদন করেন।
২০০৬ সালে কাজ শুরু হওয়া দক্ষিণখানে আশিয়ান সিটি প্রকল্পের অনুমোদনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়। ২০১২ সালের ২২ ডিসেম্বর আইন ও সালিশ কেন্দ্র, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট, বেলা, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ, নিজেরা করি ও পরিবেশ বাঁচাও আন্দোলন রিটটি করে।