আশিয়ান সিটি প্রকল্প : স্থগিতাদেশ আবেদনের শুনানি ২২ আগস্ট
রাজধানীর উত্তরার আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের দক্ষিণখান প্রকল্প অবৈধ ঘোষণার রায় বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিতের আবেদনটি ২২ আগস্ট অাপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন চেম্বার বিচারপতি।
আজ বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার আবেদনটি শুনানির নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ফিদা এম কামাল, এম আমিনউদ্দিন ও মিনহাজুল হক চৌধুরী। আর আশিয়ান সিটির পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ।
আশিয়ানের দক্ষিণখান প্রকল্প অবৈধ ঘোষণার রায় বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিতের আবেদন করে রিট আবেদনকারী পক্ষ। এর আগে ১৬ আগস্ট হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চ অবৈধ ঘোষণার রায় বাতিল করে রায় দেন। প্রকল্প অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আশিয়ান কর্তৃপক্ষের করা রিভিউ (পুনর্বিবেচনার) আবেদনের পরিপ্রেক্ষিতে ওই রায় আসে।
রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী মিনহাজুল হক চৌধুরী প্রথম আলোকে বলে, ১৬ আগস্ট হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও রিট আবেদনকারী পক্ষ দুটি আবেদন করে। চেম্বার বিচারপতি এ দুটি আবেদন ২২ আগস্ট নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।
রিট আবেদনকারীর আবেদনে আশিয়ান সিটির কার্যক্রম পরিচালনার ওপরও নিষেধাজ্ঞার আরজি রয়েছে।
২০১৪ সালের ১৬ জানুয়ারি হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ আটটি মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠনের করা রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতে প্রকল্পটি অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন। ওই রায় পুনর্বিবেচনা চেয়ে আশিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালক ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর আবেদন করেন।
২০০৬ সালে কাজ শুরু হওয়া দক্ষিণখানে আশিয়ান সিটি প্রকল্পের অনুমোদনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়। ২০১২ সালের ২২ ডিসেম্বর আইন ও সালিশ কেন্দ্র, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট, বেলা, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ, নিজেরা করি ও পরিবেশ বাঁচাও আন্দোলন রিটটি করে।
আরও পড়ুন: