আশিয়ান সিটি প্রকল্পের কার্যক্রমে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা ও এয়ারপোর্ট-সংলগ্ন আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের প্রকল্পের (উত্তরখান, দক্ষিণখানসহ চার মৌজায়) কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছেন আপিল বিভাগ। ওই প্রকল্প অবৈধ ঘোষণা বাতিল করে হাইকোর্টের দেওয়া রিভিউর রায়ের কার্যকারিতাও স্থগিত করা হয়েছে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও রিট আবেদনকারীপক্ষের করা পৃথক দুই আবেদনের শুনানি নিয়ে গতকাল সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষ ও রিট আবেদনকারীপক্ষকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে নির্দেশ দিয়েছেন আদালত।
রিট আবেদনকারী আটটি মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠনের অন্যতম বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ আশিয়ান সিটি প্রকল্পের সব ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। ফলে ওই প্রকল্পের উন্নয়নকাজ, বিজ্ঞাপন প্রচার, জমি বেচাকেনা ও অর্থ লেনদেন করা যাবে না।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা পরে বলেন, আদালত ওই প্রকল্পের যেকোনো ধরনের কার্যক্রম পরিচালনা রহিত করেছেন।
২০০৬ সালে কাজ শুরু হওয়া দক্ষিণখানে আশিয়ান সিটি প্রকল্পের অনুমোদনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১২ সালের ২২ ডিসেম্বর একটি রিট আবেদন করে আটটি সংগঠন। আশকোনা হাজী ক্যাম্পের পূর্ব দিকে আশিয়ান সিটি প্রকল্পটির অবস্থান।
আটটি সংগঠনের করা রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে ২০১৪ সালের ১৬ জানুয়ারি তিন বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতে ওই প্রকল্প অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন। এ রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর আশিয়ান সিটি কর্তৃপক্ষ আবেদন করে। এর চূড়ান্ত শুনানি নিয়ে ১৬ আগস্ট তিন বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ রিভিউ আবেদন মঞ্জুর করে ২০১৪ সালের ১৬ জানুয়ারি দেওয়া রায় বাতিল ঘোষণা করেন।
এই রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও রিট আবেদনকারী পৃথক আবেদন করে। এর একটিতে ওই প্রকল্পের কার্যক্রমে নিষেধাজ্ঞা এবং অন্যটিতে প্রকল্পের কার্যক্রমে স্থগিতাদেশ চাওয়া হয়। ১৮ আগস্ট চেম্বার বিচারপতি আবেদন দুটি ২২ আগস্ট আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় গতকাল শুনানি হয়।
আদালতে আটটি সংগঠনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও আইনজীবী মিনহাজুল হক চৌধুরী। আশিয়ান সিটির পক্ষে শুনানি করেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
পরে মিনহাজুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, লিভ টু আপিল না করা পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। হাইকোর্টের রিভিউর পূর্ণাঙ্গ রায় পেলে নিয়মিত লিভ টু আপিল করা হবে।
রিট আবেদনকারী আটটি সংগঠন হচ্ছে আইন ও সালিশ কেন্দ্র, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ, নিজেরা করি ও পরিবেশ বাঁচাও আন্দোলন।