আশিয়ান সিটির তিন কর্মকর্তার জামিন বাতিল
একটি মামলায় অভিযুক্ত আশিয়ান সিটির তিন কর্মকর্তা ও তাঁদের জামিনদার আদালতে হাজির হননি। গতকাল রোববার তাঁদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার মহানগর হাকিম এম এ সালাম।আশিয়ান সিটির তিন কর্মকর্তার আইনজীবী শরিফুল ইসলামও আদালতে হাজির হননি। প্রতারণা করে ছয় কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা একটি মামলায় অন্য তিন ব্যক্তিকে দাঁড় করিয়ে আশিয়ান সিটির তিন কর্মকর্তা জামিন নেন বলে বাদী অভিযোগ করেন। বিষয়টি জানার পর বাদীপক্ষ জামিন বাতিলের আবেদন করে।নথি পর্যালোচনায় দেখা যায়, ৯ নভেম্বর আশিয়ান সিটির কর্মকর্তা নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম ও সুপারভাইজার মো. মনির আইনজীবী শরিফুল ইসলামের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। মহানগর হাকিম ফারজানা ফেরদৌস তাঁদের জামিন মঞ্জুর করেন।কিন্তু ভুয়া লোককে হাজির করে জালিয়াতির মাধ্যমে তিন কর্মকর্তার জামিন নেওয়ার খবর জানার পর বাদীপক্ষের আইনজীবীরা ১৬ নভেম্বর তা বাতিলের আবেদন করেন। এতে বলা হয়, আসামি নজরুল ইসলাম দেশের বাইরে এবং জাহিদুল ইসলাম ও মনির সৌদি আরবে হজ আদায় করতে গেছেন। বাদী শেখ সেলিম হলফনামা দিয়ে বলেন, এই তিন আসামি সশরীরে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেননি।বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ১৬ নভেম্বর জামিন বাতিলের আবেদন করা হয়। আদালত আইনজীবী, তিন আসামি ও তাঁদের স্থানীয় জামিনদারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। বিষয়টি ঢাকা আইনজীবী সমিতিকেও জানানো হয়।আসামিপক্ষের আইনজীবী শরিফুল ইসলাম মুঠোফোনে বলেন, আসামিরা আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। ভুয়া লোক দাঁড় করানোর অভিযোগ ঠিক নয়। তা ছাড়া আদালত আসামিদের নাম-ঠিকানা জিজ্ঞেস করেই জামিন নিয়েছেন। গতকাল তিন আসামি ও জামিনদারকে নিয়ে আদালতে হাজির হওয়ার আদেশের বিষয়ে শরিফুল ইসলাম বলেন, তিনি কোনো নোটিশ পাননি। তাঁকে জানানোও হয়নি। নোটিশ পেলে ৪ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখে তিনি পদক্ষেপ নেবেন।