আশিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নজরুল ইসলামকে গতকাল রোববার একটি মারধর ও হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, নজরুল ইসলাম এবং ওই মামলার অপর সাত আসামি গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং অপর সাতজনের জামিনের আবেদন মঞ্জুর করেন। বাদীর আইনজীবী আবদুর রহমান প্রথম আলোকে বলেন, আশিয়ান সিটি প্রকল্পের নামে খিলগাঁও থানার বাসিন্দা আনোয়ারা বেগমের তিন বিঘা জমি দখলের চেষ্টা করেন আসামিরা। এ ঘটনায় আনোয়ারা বেগম বাদী হয়ে খিলগাঁও থানায় মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে এ মামলা করেন। সরকারি কৌঁসুলি শাহ আলম তালুকদার বলেন, আদালত মামলার আট আসামির মধ্যে সাতজনের জামিন মঞ্জুর করেন। প্রধান আসামি নজরুল ইসলামের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। যোগাযোগ করা হলে আশিয়ান সিটির পক্ষ থেকে বলা হয়, পারিবারিক বিরোধের কারণে ষড়যন্ত্রমূলকভাবে মামলাটি করা হয়েছে।