আশিয়ানের চেয়ারম্যানকে সশরীরে যেতে নির্দেশ দুদকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবি নোটিশে হাজির না হয়ে লিখিত বক্তব্য পাঠালে তা গ্রহণ না করে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়া ও তাঁর স্ত্রী শামীমা নাসরিন শিরিনকে সশরীরে হাজির হতে বলেছে সংস্থাটি।
দুদক সূত্র জানায়, দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের প্রয়োজনে জিজ্ঞাসাবাদে আজ সোমবার সকালে দুদকে হাজির হতে তাঁদের নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু তাঁদের পক্ষ থেকে গ্রুপটির নির্বাহী পরিচালক রেজাউল ইসলাম দুদকে উপস্থিত হয়ে তাঁদের লিখিত বক্তব্য জমা দিতে চাইলে তা গ্রহণ করেনি অনুসন্ধান দলের প্রধান ও দুদকের উপপরিচালক মো. তৌফিকুল ইসলাম। দুজনকে সশরীরে এসে বক্তব্য দিয়ে যেতে হবে বলে জানিয়ে দেন তিনি। উপস্থিত না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়।
সূত্রটি জানিয়েছে, বৃহস্পতিবারের মধ্যে যেকোনো দিন দুদকে হাজির হতে পারেন তাঁরা।
দুদকে আসা অভিযোগে বলা হয়, নজরুল ইসলাম ভূঁইয়া তার মালিকানাধীন আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের মাধ্যমে সরকারি খাল, বিল, জলাশয়, কবরস্থানসহ ব্যক্তি মালিকানাধীন কৃষি জায়গা-জমি, বসতবাড়ি জোরপূর্বক দখল করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই আশিয়ান সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এসব অভিযোগের প্রাথমিক যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। উপপরিচালক মো. তৌফিকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করে দুদক। দলের অন্য দুই সদস্য হলেন উপপরিচালক এসএম রফিকুল ইসলাম ও সহকারী পরিচালক মাহবুবুল আলম।