আশুগঞ্জ ও চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। গত বুধবার দুর্ঘটনা দুটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বুধবার বিকেলে আশুগঞ্জ গোল চত্বর থেকে একটি অটোরিকশা সরাইল বিশ্বরোড মোড়ের দিকে যাচ্ছিল। উপজেলার সোনারামপুর সেতুর কাছে পৌঁছালে একটি ট্রাক সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অজ্ঞাতনামা (৩২) এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় অটেরিকশার চালকসহ আরও চারজন আহত হন। তাঁদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে কালু মিয়া (৪০) নামের এক যাত্রী মারা যান। তাঁর বাড়ি সদর উপজেলার খাটহাতা গ্রামে।সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। তবে ট্রাকসহ এর চালক পালিয়ে গেছেন। এদিকে বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের আটগ্রাম এলাকায় রাস্তা পারাপারের সময় শ্রাবণী আক্তার (৮) নামের একটি শিশুকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। শিশুটিকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রাবণী পৌর এলাকার রামরায় গ্রামের লোকমান মিয়ার মেয়ে। থানার ওসি ইসমাইল মিঞা বলেন, মোটরসাইকেলটিকে আটক করা সম্ভব হয়নি।