আশুগঞ্জ ও সীতাকুণ্ডে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে গত শনিবার ট্রাকের চাপায় নিহত হয়েছেন এক ব্যক্তি। রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র আহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ভৈরব: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর এলাকায় গতকাল ভোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহত ব্যক্তিরা হলেন ঢাকার লালবাগ এলাকার খলিলুর রহমান (৪৫), শামীম মিয়া (৪০), সুনামগঞ্জের মুসলেম মিয়া (৪০) ও অজ্ঞাত পুরুষ (৫৫)। তাঁরা সবাই বাসের যাত্রী।পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা নূর পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। ভোর চারটার দিকে সোহাগপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই মুসলেম মিয়া নিহত হন। গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে শংকর লাল (২২) ও গোবিন্দ রায়কে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সীতাকুণ্ড (চট্টগ্রাম): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার সোনালী কটন মিলের সামনে শনিবার বেলা ১১টার দিকে একটি ট্রাক বাইসাইকেল আরোহী তাজুল ইসলামকে (৩৮) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। সাইকেলে করে তিনি তাঁর কর্মস্থল বাঁশবাড়িয়া পিএইচপি গ্লাস ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সৈয়দা সেলিমা কাদের চৌধুরী কলেজের ছাত্র ফোরকান উদ্দিন (১৮) ও রোকন উদ্দিন (১৮) গতকাল সকাল সাড়ে নয়টার দিকে কলেজের ফটকের সামনে টেম্পোর ধাক্কায় আহত হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর কলেজের ছাত্ররা তিন ঘণ্টা কলেজের সামনে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে রাখেন।