আশুগঞ্জ ও হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে গতকাল বুধবার এক যাত্রী নিহত ও অন্তত ১৮ জন যাত্রী আহত হয়। একই দিন চাঁদপুরের হাজীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় এক যুবক নিহত হন।
আশুগঞ্জে নিহত ব্যক্তির নাম আক্কাস আলী (৪০)। তাঁর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে। হাজীগঞ্জে নিহত কামরুল ইসলাম (২২) উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আশেক আলী হাজী বাড়ির মজিবুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ থানার সামনে এলে বাসটির সঙ্গে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ামুখী বিআরটিসি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের অন্তত ১৮ যাত্রী আহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় কয়েকটি ক্লিনিকে পাঠায়। এদের মধ্যে গুরুতর আহত আক্কাসকে উপজেলা সদরের ডে-নাইট হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মারা যান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল নয়টায় কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের হাজীগঞ্জ পশ্চিম বাজারের গাউছিয়া হাইওয়ে হোটেলের সামনে চাঁদপুরগামী একটি কাভার্ডভ্যান একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী কামরুল ইসলাম নিহত হন।