শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, আশুগঞ্জ জিয়া সার কারখানার নাম আইনসিদ্ধ নয়। যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তরে প্রতিষ্ঠানটির নাম এখনো আশুগঞ্জ সার কারখানা আছে। তাই বিসিআইসি কারখানার আইনসিদ্ধ নাম ‘আশুগঞ্জ সার কারখানা’ ব্যবহার করার প্রক্রিয়া শুরু করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় ভারতের ত্রিপুরায় বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠান শেষে ঢাকা ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।দিলীপ বড়ুয়া আরও বলেন, আশুগঞ্জ সার কারখানার আধুনিকায়নের জন্য সরকার ৬৫০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে কারখানার উত্পাদন বৃদ্ধি পাবে। শিল্পমন্ত্রী বলেন, বিগত চারদলীয় জোট সরকার বেসরকারীকরণের নামে দেশকে বি-শিল্পায়নের দিকে নিয়ে যাচ্ছিল। বর্তমান সরকার বন্ধ কারখানাগুলো চালুর প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি বন্ধ কারখানা চালুর জন্য সম্ভাব্যতা যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।ত্রিপুরায় বাণিজ্য মেলার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে মন্ত্রী আরও বলেন, ত্রিপুরায় বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। মেলায় অংশগ্রহণকারী ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের বিপুল চাহিদা দেখে খুবই আনন্দিত।