আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের কারেন্ট ট্রান্সফরমারে (সিটি) আগুন লেগে ছয়টি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। মেরামত শেষে গতকাল শনিবার ভোরে পাঁচটি ইউনিটে উৎপাদন শুরু হয়েছে।
৫ নম্বর সুইচ ইয়ার্ডের ১৩০ কেবি সাবস্টেশনটি বন্ধ থাকায় জাতীয় গ্রিডে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তাপবিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ৫ নম্বর ইউনিটের উৎপাদনে ফিরতে আরও তিন দিনের মতো সময় লাগতে পারে।
এদিকে বিদ্যুৎকেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত আটটায় হঠাৎ বিকট শব্দ হয়ে সুইচ ইয়ার্ডের ৫ নম্বর ইউনিটের ১৩০ কেবির সাবস্টেশনের কারেন্ট ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ সময় ১৫০ মেগাওয়াট করে ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ও ৫ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। একই সঙ্গে এই ইউনিটের সাবস্টেশনের অধীন বেসরকারি ভাড়াভিত্তিক আরও চারটি ইউনিট একযোগে বন্ধ হয়ে যায়। এগুলো ২৯০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাপবিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ফায়ার ইউনিট ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা মেরামতকাজ শুরু করেন। গতকাল ভোরে পাঁচটি ইউনিটে উৎপাদন শুরু হয়। আশুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আওশাদ মিয়া বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।