আশুগঞ্জ নদীবন্দরের আধা কিলোমিটার সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে আশুগঞ্জ শহর পর্যন্ত প্রায় আধা কিলোমিটার দীর্ঘ সড়ক (ফেরিঘাট সড়ক) এখন বেহাল। দীর্ঘদিন সংস্কারের অভাবে বন্দরে ঢোকার একমাত্র সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।এলাকার ব্যবসায়ী ও পরিবহন নেতারা সড়কটি সংস্কারের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) স্থানীয় কার্যালয়ে কয়েক দফা যোগাযোগ করলেও তারা বিষয়টি আমলে নেয়নি। এলাকাবাসী জানায়, নদীবন্দর থেকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের গোলচত্বর পর্যন্ত সড়কটির কার্পেটিং অনেক আগেই উঠে গেছে। সড়কের বিভিন্ন স্থানে তিন-চার ফুট গভীর গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্ত পানিতে ভরে যায়। যাতায়াতের বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে এ সড়ক দিয়েই পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। পরিবহন শ্রমিকেরা মাঝেমধ্যে খোয়া দিয়ে গর্ত ভরাট করলেও যানবাহনের চাকার ঘষায় কয়েক দিন পরই তা উঠে যায়। তা ছাড়া ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে অনেক সময় যানবাহনের যন্ত্রাংশও ভেঙে যায়।সোমবার সরেজমিনে দেখা গেছে, সিমেন্ট বোঝাই একটি ট্রাক রাস্তার গর্তে আটকা পড়েছে। সেটি সরাচ্ছেন কয়েকজন শ্রমিক। তাঁদের একজন বাদল মিয়া বলেন, ‘রাস্তাডার অবস্থা অনেক খারাপ। গর্তে পইড়া প্রায় সময়ই চাক্কা পাংচার হইয়্যা যায়। বাম্পারও ভাইঙা যায়। ইঞ্জিনেরও অনেক ক্ষতি হয়।’নদীবন্দর এলাকার ব্যবসায়ীরা জানান, প্রতিদিনই নাজুক এই সড়ক দিয়ে সার, সিমেন্ট, রড ও অন্যান্য নির্মাণসামগ্রী ট্রাকে করে দেশের বিভিন্ন এলাকায় যায়। সড়কটি ভাঙাচোরা হওয়ায় মালামাল পরিবহন করতে তাঁদের দ্বিগুণ টাকা খরচ করতে হচ্ছে। আশুগঞ্জ ফেরিঘাট রড-সিমেন্ট ও টিন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, ‘এই বন্দর দিয়ে ভারতীয় মালামাল নেওয়ার সময় রাস্তাটির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় আধা কিলোমিটার রাস্তার জন্য আমরা ব্যবসায়িকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’ আশুগঞ্জ ফেরিঘাট পরিবহন ঠিকাদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক জহিরুল হক বলেন, ‘সরকার এই গুরুত্বপূর্ণ সড়কটি মেরামত না করায় আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সড়কটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করেও সাড়া পাইনি।’ সওজ ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, সড়কটি সংস্কারের জন্য আপাতত কোনো বরাদ্দ নেই। এ কারণে এটি সংস্কার করা যাচ্ছে না। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার গতকাল প্রথম আলোকে বলেন, ‘সড়কটি সওজের। তাঁরা সড়কটির মালিকানা আমাদের কাছে হস্তান্তর না করা পর্যন্ত আমরা এটি মেরামত করতে পারি না।’