ত্রিপুরায় বিদ্যুত্ কেন্দ্র নির্মাণে পণ্য পরিবহন
আশুগঞ্জ নৌবন্দর ও সড়ক উন্নয়নে যৌথ সমীক্ষা মার্চে
ত্রিপুরার পালাটানায় বিদ্যুত্ কেন্দ্র নির্মাণে আশুগঞ্জ নৌবন্দর ভারতকে ট্রানজিট দেওয়ার উপযোগী করতে মার্চের প্রথম সপ্তাহে যৌথ সমীক্ষা শুরু হচ্ছে। বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের সমন্বয়ে একটি কারিগরি কমিটি সমীক্ষার কাজ করবে। সমীক্ষায় পালাটানায় বিদ্যুত্ কেন্দ্র নির্মাণে ভারী পণ্য (ওভার ডাইমেনশনাল কনসাইনমেন্টস—ওডিসি) পরিবহনে আশুগঞ্জ নৌবন্দরের মাধ্যমে ভারতকে ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।পররাষ্ট্র ও নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত বুধবার প্রথম আলোকে জানান, ৩ বা ৪ মার্চ সমীক্ষার কাজ শুরু হবে। সমীক্ষার প্রক্রিয়া শেষ করতে লাগবে সর্বোচ্চ চার দিন। পুরো প্রক্রিয়ায় বাংলাদেশের পক্ষ থেকে সাতজন ও ভারতের পক্ষ থেকে পাঁচজনের দল অংশ নেবে। কারিগরি কমিটির সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আলাউদ্দিন। জানা গেছে, পালাটানার বিদ্যুত্ কেন্দ্রের পণ্য পরিবহনে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া পর্যন্ত কী ধরনের সড়ক, সেতু ও রেলব্যবস্থা প্রয়োজন, সে ব্যাপারে সমীক্ষা শেষে সুপারিশ করা হবে। সেই সঙ্গে ত্রিপুরায় কী ধরনের পণ্য পরিবহন করা হবে, যেসব কন্টেইনারে পণ্য নেওয়া হবে সেগুলোর আকৃতি কেমন হবে, সুপারিশ উপস্থাপনের সময় সেই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে। সেই সঙ্গে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পণ্য পরিবহনে ভারতীয় যান ব্যবহার করার বিষয়টিও বিবেচনায় আনা হবে। কারণ, যেসব ভারী পণ্য পরিবহন করা হবে তার জন্য ন্যূনতম ২০ থেকে ২৫ টন ধারণক্ষমতাসম্পন্ন ট্রেইলার প্রয়োজন। নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, কারিগরি কমিটি ১৫ মার্চের মধ্যে তাদের সুপারিশ জমা দেবে।পালাটানায় পণ্য পরিবহনে আশুগঞ্জ থেকে ত্রিপুরার সীমান্ত পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড কতটা উপযুক্ত সেটা খতিয়ে দেখতে গত ডিসেম্বরে দুই দেশের কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁদের প্রাথমিক পর্যবেক্ষণে বলা হয়, বর্তমানে যেসব রাস্তাঘাট ও সেতু আছে, সেগুলো ভারতের ভারী পরিবহনের চলাচলের উপযোগী নয়। সড়কপথটি বর্তমানে কম প্রশস্ত হওয়ায় এটি ভারী যন্ত্রপাতি পরিবহনের উপযোগী নয়। তাই এটি চওড়া করতে হবে। এ ছাড়া তৈরি করতে হবে বেশ কিছু সড়ক ও সেতু। সেই সঙ্গে মানোন্নয়ন করতে হবে আশুগঞ্জ নৌবন্দরের। পাশাপাশি ভারতের কর্মকর্তারা আশুগঞ্জ খাদ্য গুদাম এলাকার অব্যবহূত প্রায় ১০০ একর জমি পালাটানার বিদ্যুত্ কেন্দ্রের মূল্যবান যন্ত্রপাতির সংরক্ষণের জন্য কাজে লাগানোর প্রস্তাব দেন।গত বছরের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার বৈঠকে ত্রিপুরার পালাটানায় বিদ্যুত্ কেন্দ্র নির্মাণে আশুগঞ্জ নৌ-বন্দর হয়ে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ওডিসি পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়।