আশুগঞ্জ বন্দর দিয়ে ত্রিপুরায় খাদ্যপণ্য নেবে ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের আশুগঞ্জ বন্দর ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরায় খাদ্যপণ্য সরবরাহ-ব্যবস্থা চূড়ান্ত করতে যাচ্ছে নয়াদিল্লির সরকার। পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে জলপথে আশুগঞ্জ ও এরপর আখাউড়া হয়ে আগরতলায় চাল, ডালসহ বিভিন্ন পণ্য নিয়ে যাওয়ার জন্য ভারতীয় ‘খাদ্য নিগম’ একটি দরপত্র আহ্বান করেছে। খবর বিবিসির।বাংলাদেশের মধ্য দিয়ে ভারতে পণ্য পরিবহনের জন্য এখনো দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। ত্রিপুরার খাদ্যমন্ত্রী মানিক দে বিবিসিকে বলেন, তাঁরা খাদ্য নিগমের কাছ থেকে জেনেছেন, আশুগঞ্জ দিয়ে পাঁচ হাজার মেট্রিক টন চাল ও অন্য খাদ্যসামগ্রী আগরতলায় নিয়ে আসার জন্য একটি দরপত্র খোলা হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো ট্রানজিট চুক্তি না থাকলেও বাংলাদেশের নদীপথ ব্যবহার করে উত্তর-পূর্ব ভারতের কয়েকটি নদীবন্দরে পণ্য পরিবহন করা হয়ে থাকে।