আশুগঞ্জ বন্দরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বন্দরে গতকাল বুধবার থেকে নৌযান ফেডারেশনের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এতে বন্দরে প্রায় দুই শতাধিক মালবাহী কার্গোজাহাজ আটকা পড়েছে। গত মঙ্গলবার বন্দর ও নৌযান-শ্রমিকদের সংঘর্ষের জের ধরে এ ধর্মঘট চলছে।বন্দর সূত্র জানায়, ধর্মঘটের কারণে মালবাহী কার্গোজাহাজ থেকে পণ্য খালাস করতে না পারায় পণ্য সরবরাহকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বন্ধ হয়ে গেছে নদীবন্দরের সব ধরনের কার্যক্রম। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।বন্দরের শ্রমিকেরা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় আশুগঞ্জ সার কারখানা লঞ্চঘাটে নৌযান-শ্রমিকেরা সার চুরি করে নিয়ে যাচ্ছেন দেখে বন্দরের শ্রমিকেরা বাধা দেন। এ সময় তাঁদের সঙ্গে নৌযান-শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। এর প্রতিবাদে গতকাল থেকে নৌযান ফেডারেশনের শ্রমিকেরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। নৌযান-শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বাহার মাস্টার জানান, শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার না হলে তাঁদের ধর্মঘট অব্যাহত থাকবে। বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন বলেন, ‘এ বিষয়ে আমরা বন্দরের শ্রমিক ও নৌযান-শ্রমিকদের সঙ্গে সমোঝতার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’