বেতন বৃদ্ধিসহ ১৭ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বন্দরের নৌযান শ্রমিকেরা গতকাল সোমবার বিক্ষোভ সমাবেশ করেছেন। সকাল ১০টায় তাঁরা বন্দর এলাকায় বিক্ষোভ শেষে নৌযান শ্রমিক ফেডারেশনের আশুগঞ্জ শাখা কার্যালয় চত্বরে সমাবেশ করেন।সংগঠনের সভাপতি হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে সমাবেশে শ্রমিকনেতারা বলেন, মালিকদের কাছে শ্রমিকেরা অসহায় হয়ে পড়েছেন। শ্রমিকেরা শখ করে আন্দোলনে যান না। কর্মবিরতিতে গেলে শ্রমিকদের ঘরে ভাত থাকে না। বক্তব্য দেন শ্রমিকনেতা আবু তাহের, আহসান উল্লাহ. মো. জাহাঙ্গীর, শাহাব উদ্দিন প্রমুখ। হাবিবুল্লাহ বাহার বলেন, ‘এখন পর্যন্ত কোনো পক্ষ সমস্যা সমাধানে এগিয়ে আসেনি। মনে হচ্ছে মালিকেরা আমাদের বিষয়টি আমলই দিচ্ছেন না।’ বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুসাইন বলেন, কর্মবিরতির কারণে সারা দেশে তিন হাজার কার্গো আটকা পড়েছে। এতে প্রতি জাহাজে প্রতিদিন মালিকের ক্ষতি হচ্ছে ৩০ হাজার টাকা। সরকার মালিকদের দাবি (চাঁদাবাজি ঠেকানোসহ আরও কয়েকটি) পূরণ না করলে তাঁদের পক্ষে শ্রমিকদের দাবি পূরণ করা সম্ভব হচ্ছে না। বেতন বৃদ্ধি, নৌপথে ডাকাতি রোধ ও মেরিন আইনের সঠিক বাস্তবায়নসহ ১৭ দফা দাবিতে গত শুক্রবার থেকে সারা দেশে কর্মবিরতির ডাক দেয় নৌযান শ্রমিক ফেডারেশন।