প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিড লাইনে বিপর্যয় দেখা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রে গতকাল শনিবার সকালে ছয়টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বিকেলে অবশ্য তিনটি ইউনিট চালু হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ অঞ্চলে ব্যাপক লোডশেডিং শুরু হয়। আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলীরা জানান, কেন্দ্রের আটটি ইউনিটের মধ্যে ছয়টিতে ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। কিন্তু গতকাল সকাল নয়টার দিকে ১৩২ কেভি গ্রিড লাইনে বিপর্যয় দেখা দেয়। এর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রের ছয়টি ইউনিট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। পরে বিকেলের দিকে প্রকৌশলীরা তিনটি ইউনিটে আবার বিদ্যুৎ উৎপাদন চালু করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম গতকাল রাতে প্রথম আলোকে জানান, রাতেই বাকি তিনটি ইউনিট চালু হওয়ার কথা রয়েছে।