আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ও ঘোড়াশালে একটি ইউনিট বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক সমস্যার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের চারটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর মধ্যে আশুগঞ্জের ১৫৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তিনটি ইউনিট গতকাল রোববার এবং ঘোড়াশালের ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট গত শনিবার বন্ধ হয়ে যায়।দুই দিনের মধ্যে চারটি ইউনিট বন্ধ হওয়ায় ৩৬৮ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদিত হচ্ছে। এ ছাড়া ঘোড়াশালের বন্ধ হয়ে যাওয়া ৪২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট এখনো চালু হয়নি। আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, গতকাল ভোর চারটার দিকে ৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জিটি-১ ও ৩৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এসটি ইউনিটের বয়লার ও এয়ার কমপ্রেসারে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। কিছু সময় পর ওই দুই ইউনিট দিয়ে উৎপাদন বন্ধ হয়ে যায়। এর এক ঘণ্টা পর ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এক নম্বর ইউনিটে একইভাবে বয়লার ও এয়ার কমপ্রেসারে সমস্যা দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জসহ আশপাশের বেশ কয়েকটি উপজেলায় লোডশেডিংয়ের পরিমাণ বেড়েছে।আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এম এ খালেক প্রথম আলোকে বলেন, বয়লার ও এয়ার কমপ্রেসারে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় তিনটি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ আছে। আমাদের প্রকৌশলীরা ইউনিটগুলো চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ বা আগামীকালের (সোমবার) মধ্যে যে কোনো দুটি ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হতে পারে।ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, যান্ত্রিক সমস্যায় শনিবার ভোরে ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চার নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। তার আগে ১৮ জুলাই ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ছয় নম্বর ইউনিটে টারবাইন জেনারেটরে আগুন লেগে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে আছে। এ ছাড়া মেরামতের জন্য দুই মাস আগ থেকে বন্ধ করে রাখা হয়েছে ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এক নম্বর ইউনিট। এ কারণে ওই কেন্দ্রের ছয়টি ইউনিটের মধ্যে বর্তমানে তিনটি ইউনিট দিয়ে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।