আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট দিয়ে উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন গতকাল রোববার বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নং ইউনিট এবং ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নং ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। ৭২৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রে বর্তমানে ৪০৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশল বিভাগ জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ২ নং ইউনিটের বয়লার প্রক্রিয়ায় ত্রুটি দেখা দেয়। প্রকৌশলীরা ত্রুটি দূর করার কাজ শুরুর আগেই উৎপাদন বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার দিকে ত্রুটি দেখা দেয় ৪ নং ইউনিটে। বড় ধরনের ত্রুটি এড়াতে কর্তৃপক্ষ এ ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয়।বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল খালেক জানান, প্রকৌশলীরা ত্রুটি দূর করার কাজ শুরু করে দিয়েছেন। আজ সোমবারের মধ্যে ২ নং ইউনিট এবং তিন থেকে চার দিনের মধ্যে ৪ নং ইউনিট দিয়ে ফের বিদ্যুৎ উৎপাদনের আশা প্রকাশ করেন তিনি।