ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রে গতকাল মঙ্গলবার রাতে একযোগে সাতটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। কারেন্ট ট্রান্সফরমারে আগুন লাগার কারণে এ বিপর্যয় ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কারখানার প্রকৌশল বিভাগ সূত্র জানায়, ৭২৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎকেন্দ্রের আটটি ইউনিটের মধ্যে সাতটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। রাত আটটার দিকে ১ নম্বর ইউনিটের কারেন্ট ট্রান্সফরমারে (সিটি) আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে সাতটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে আশুগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বিপর্যয়ের কারণে ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, ভৈরব ও কিশোরগঞ্জ বিদ্যুৎহীন হয়ে পড়ে। রাতে রাজধানী ঢাকাসহ আরও কয়েকটি জেলা লোডশেডিংয়ের মধ্যে পড়ে। জানা গেছে, প্রকৌশলীরা রাত ১০টার দিকে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিট ও ৫৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জিটি-১-এ উৎপাদন চালু করতে সক্ষম হয়েছেন। আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক বলেন, ‘কী কারণে বা কীভাবে আগুন লেগেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। প্রকৌশলীরা ত্রুটি দূর করে মেরামতকাজ শুরু করেছেন। আশা করছি, আগামীকালের (আজ বুধবার) মধ্যে সব কটি ইউনিট সচল করা সম্ভব হবে।’বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এস এম আলমগীর কবির প্রথম আলোকে জানান, বিদ্যুৎকেন্দ্র চালু করাসহ সব ত্রুটি দূর করার জন্য রাত নয়টার দিকে ঢাকা থেকে দুটি বিশেষজ্ঞ প্রকৌশলী দল আশুগঞ্জে পাঠানো হয়েছে। এর একটি দল পাওয়ার গ্রিড কোম্পানির, অন্যটি পিডিবির।