আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের সার্কিট ব্রেকারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট সার্কিট ব্রেকারে গতকাল বুধবার সকাল সাতটার দিকে আগুন লাগে। এতে চারটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, কুমিল্লা, কিশোরগঞ্জ জেলাসহ বেশ কয়েকটি উপজেলা ব্যাপক লোডশেডিংয়ের কবলে পড়েছে।বিদ্যুৎকেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা গেছে, আটটি ইউনিটের মধ্যে সাতটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন চলছিল। হঠাৎ ওয়াটার ট্রিটমেন্ট সার্কিট ব্রেকারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। প্রকৌশলীরা ত্রুটি চিহ্নিত করার আগেই ব্রেকারে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনের কারণে কয়েক মিনিটের ব্যবধানে প্রতিটি ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩, ৪, ও ৫ নম্বর ইউনিট এবং ৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জিটি-২ বন্ধ হয়ে যায়। ৭২৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্র থেকে গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাত্র ১৫৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল। প্রকৌশলীরা জানিয়েছেন, ঘটনার পরপরই তাঁরা ত্রুটি সারানোর কাজ শুরু করেন। আজ বৃহস্পতিবারের মধ্যে বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলোতে ফের উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে তাঁরা আশা করছেন।