আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৪ নম্বর ইউনিটে আবার উৎপাদন শুরু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিটে উৎপাদন এক বছর বন্ধ থাকার পর গতকাল রোববার থেকে আবার শুরু হয়েছে।পুনঃসংস্কার (ওভারহোলিং) কাজের জন্য এক বছর আগে এই ইউনিটে উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের কারিগরি বিভাগ সূত্র জানায়, শুরুতে এই কেন্দ্র থেকে আটটি ইউনিটের মাধ্যমে ৭২৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। ধীরে ধীরে ইউনিটগুলোর উৎপাদনক্ষমতা কমে আসে। সর্বশেষ সাড়ে ছয় শ মেগাওয়াটের বেশি উৎপাদন হচ্ছিল না। এ অবস্থায় ইউনিটগুলোর পূর্ণ ক্ষমতা ফিরিয়ে আনতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পুনঃসংস্কারকাজ করার সিদ্ধান্ত নেয়। এ জন্য এক বছর আগে ৪ নম্বর ইউনিটটি বন্ধ রেখে পুনঃসংস্কারে হাত দেওয়া হয়।একটি বিদেশি প্রতিষ্ঠান ৩৫০ কোটি টাকা ব্যয়ে এই ইউনিটের পুনঃসংস্কারকাজ শেষ করে। বর্তমানে ইউনিটটি দিয়ে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এতে করে জাতীয় গ্রিডে এখন থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।