আশুগঞ্জ-ভুলতা ট্রান্সমিশন প্রকল্প একনেকে অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটি (একনেক) রাজধানীতে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে আশুগঞ্জ-ভুলতা সঞ্চালন লাইন প্রকল্পের অনুমোদন দিয়েছে। 
একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসির সম্মেলনকক্ষে এক সভায় এ অনুমোদন দেওয়া হয়। বাসস।

৮৫৩ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে ৪০০ কেভির আশুগঞ্জ-ভুলতা সঞ্চালন লাইন রামপুরা ২৩০/১৩২ কেভি সাব-স্টেশনের মাধ্যমে রাজধানী ঢাকায় বিদ্যুৎ সরবরাহ করবে। এই প্রকল্পের আওতায় ৭০ কিলোমিটার আশুগঞ্জ-ভুলতা ৪০০ কেভি ডুয়েল সার্কিট ট্রান্সমিশন লাইন নির্মিত হবে।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের বলেন, একনেক ১ হাজার ৩৫৩ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে সাতটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে।

মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকার রাষ্ট্রীয় কোষাগার থেকে ১ হাজার ১০২ দশমিক ৬৪ কোটি এবং অবশিষ্ট ২৫০ দশমিক ৮২ কোটি টাকা সংশ্লিষ্ট সংস্থাগুলো নিজস্ব তহবিল থেকে যোগ দেবে। অনুমোদিত প্রকল্পগুলোর তিনটি নতুন ও বাকি চারটি সংশোধিত।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা কমিশনের সদস্য ও পরিকল্পনা বিভাগের সচিব এ সময় উপস্থিত ছিলেন।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) ২০১৭ সালের জুনের মধ্যে আশুগঞ্জ–ভুলতা ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন করবে।

মন্ত্রী বলেন, ট্রান্সমিশন লাইন প্রকল্প বাস্তবায়নে সরকার রাষ্ট্রীয় কোষাগার থেকে ৬৩৭ কোটি ৮৫ লাখ এবং পিজিসিবি ২৯৫ কোটি ৮২ লাখ টাকা দেবে। তিনি বলেন, ভবিষ্যতে সেখানে ৮০০ কেভি ট্রান্সমিশন লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

বৈঠকে ১০৪ দশমিক শূন্য ১ কোটি টাকা ব্যয়ে মদন-খালিয়াজুড়ি সাবমার্জিবল সড়ক এবং নেত্রকোনা-মদন-খালিয়াজুড়ি সড়কে বালাই নদীর ওপর পিসি গ্রার্ডার ব্রিজ নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
মুস্তাফা কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে এই এলাকা সফরকালে এই সাবমার্জিবল সড়ক ও পিসি গার্ডার ব্রিজ নির্মাণের অঙ্গীকার করেন। সড়ক ও জনপথ বিভাগ ২০১৭ সালের জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করবে।
নতুন অনুমোদিত অপর প্রকল্পটি হচ্ছে ৫৫ কোটি ৪৮ লাখ টাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির (২য় পর্যায়) সংস্কার ও আধুনিকীকরণ।

সংশোধিত চার প্রকল্প হচ্ছে, হস্তচালিত তাঁত বস্ত্রের উন্নয়নে ফ্যাশন ও ডিজাইন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও একটি বেসিক সেন্টার নির্মাণ, দ্বিতীয় সংশোধিত (৩৮.৪০ কোটি টাকা), পুলিশের ৬০টি তদন্তকেন্দ্র নির্মাণ, প্রথম সংশোধিত (১৭৪.৪৬ কোটি টাকা), প্রতিবন্ধী শিশুদের জন্য দুটি হোস্টেল নির্মাণ, প্রথম সংশোধিত (৫৪.৯৩ কোটি টাকা) এবং পরিদর্শন বিভাগের কারখানা ও প্রতিষ্ঠান ও ৯ জেলা প্রতিষ্ঠান নির্মাণ, প্রথম সংশোধিত (৫৪.৯৩ কোটি টাকা)।

এ ছাড়া নাম পরিবর্তন করে ‘উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো প্রকল্প’র অনুমোদন একনেকে দেওয়া হয়েছে। আগে এ প্রকল্পের নাম ছিলো ‘উপকূলীয় শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্প’। মন্ত্রী, প্রতিমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট সচিবেরা বৈঠকে উপস্থিত ছিলেন।