আশুগঞ্জ সার কারখানা থেকে সরবরাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গতকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ‘সিরিয়াল নিয়ন্ত্রণ’ নিয়ে ডিলারদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে ট্রাক মালিক সমিতির ডাকে এ ধর্মঘট পালন করা হচ্ছে। এতে গতকাল সকাল থেকে কারখানার এলাকাভুক্ত ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও চাঁদপুরে সার পরিবহন বন্ধ রয়েছে।উভয় পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান নিয়ম অনুযায়ী ডিলাররা মাসের বরাদ্দ করা সার কারখানা থেকে নেন। এরপর তাঁদের নিয়ন্ত্রণে ট্রাক মালিক সমিতির সদস্যভুক্ত ট্রাকের মাধ্যমে সার পরিবহন করা হয়। এ ক্ষেত্রে ট্রাকের সিরিয়ালসহ সার্বিক নিয়ন্ত্রণ ডিলারদের সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া শাখা নিয়ন্ত্রণ করে। ট্রাক মালিক সমিতি কেবল ডিলারদের চাওয়া অনুযায়ী ট্রাকের ব্যবস্থা করে থাকে। ট্রাক মালিক সমিতির ওপর ডিলারদের এমন নিয়ন্ত্রণ ট্রাক মালিক সমিতি এখন আর মেনে নিতে পারছে না। কয়েক মাস ধরে ট্রাক মালিক সমিতি সিরিয়াল নিয়ন্ত্রণের দাবি জানিয়ে আসছে। কিন্তু ডিলারদের সংগঠন তা মানছে না।সিরিয়াল নিয়ন্ত্রণ দাবি করে কারখানা প্রশাসন ও জেলা প্রশাসনের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে ট্রাক মালিক সমিতি গতকাল থেকে এ ধর্মঘটের ডাক দেয়।আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেন বলেন, ‘দুই পক্ষের দ্বন্দ্বের কারণে পরিবহনে অচলাবস্থার সৃষ্টি হলে সাত জেলায় কৃষিক্ষেত্রে বড় ধরনের সমস্যা হবে। বিষয়টি নিয়ে আমরা জেলা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি।’ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার জানান, দুই পক্ষের দাবি পর্যালোচনা করে দেখা হচ্ছে।