আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। অ্যামোনিয়া প্লান্টের সিংগ্যাস কম্প্রেসারের ত্রুটির কারণে গত মঙ্গলবার সকাল থেকে কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
এতে প্রতিদিন এক হাজার ৪০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হচ্ছে না। এর আগে তিন দিন বন্ধ থাকার পর গত সোমবার উৎপাদন শুরু হয়েছিল। এক দিনের ব্যবধানে আবারও ত্রুটি দেখা দেয়।
জেলা সার সমিতির সাধারণ সম্পাদক জালাল মিয়া জানান, সম্প্রতি কারখানা যেভাবে ঘন ঘন বন্ধ হচ্ছে এভাবে চলতে থাকলে চলতি মৌসুমে সারের সংকট দেখা দেবে। তবে কারখানার উৎপাদন বিভাগ সূত্রে জানা গেছে, পর্যাপ্ত পরিমাণ সার মজুদ থাকায় সংকটের কোনো আশঙ্কা নেই।
আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মোস্তাফিজুর রহমান জানান, অ্যামোনিয়া প্লান্টের সিংগ্যাস কম্প্রেসারে ক্রটির কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে। ক্রটি মেরামতে প্রকৌশলীরা কাজ শুরু করেছেন। তবে উৎপাদন শুরু হতে আগামী চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে।